উত্তেজনাপূর্ণ এক ম্যাচে লিভারপুলকে ৪-২ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে অ্যাস্টন ভিলা। এই জয়ের মাধ্যমে আগামী মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের টিকিট নিশ্চিত করলো 'ভিলাইন্স'রা। তবে ম্যাচটি শুধু গোলের জন্যই নয়, বরং মাঠের ভেতরে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা গোলরক্ষক এমিলিয়ানো 'দিবু' মার্তিনেজের তীব্র প্রতিদ্বন্দ্বিতা এবং সতীর্থ ও প্রতিপক্ষ ফুটবলারদের সাথে উত্তপ্ত বাক্যবিনিময়ের কারণেও ছড়ালো দারুণ উত্তেজনা।
ম্যাচ চলাকালীন ভিলা পার্কের ডি-বক্সের ভেতর একাধিকবার উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। লিভারপুলের একটি কর্নার কিকের সময় ডিবু মার্তিনেসকে বাধা দিতে লিভারপুলের খেলোয়াড়রা গোলপোস্টের একদম সামনে অবস্থান নেন। সেখানে জটলার মধ্যে জাতীয় দলে নিজের সতীর্থ আলেক্সিস ম্যাক অ্যালিস্টারকে হাত দিয়ে সরিয়ে দেন ডিবু। এই নিয়ে আর্জেন্টিনার এই দুই তারকার মধ্যে মাঠেই বেশ কিছুক্ষণ কথা কাটাকাটি চলে।
উত্তেজনার এখানেই শেষ নয়। দ্বিতীয়ার্ধে লিভারপুলের আরেকটি কর্নারের সময় লিভারপুল অধিনায়ক ও ডাচ ডিফেন্ডার ভার্জিল ভ্যান ডাইকের সাথে তীব্র ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন ডিবু মার্তিনেস। ২০২২ কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের সেই চিরপ্রতিদ্বন্দী ভ্যান ডাইকের সাথে বল দখলের লড়াইয়ের এক পর্যায়ে দুজনেই মাটিতে পড়ে যান এবং মাঠের পরিবেশ বেশ উত্তপ্ত হয়ে ওঠে। এর আগে ম্যাক অ্যালিস্টারের সাথে অ্যাস্টন ভিলার ডিফেন্ডার এজরির কোনসারও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।
ভিলার জন্য ঐতিহাসিক মুহূর্ত
এই জয়ের ফলে ৩৭ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থান মজবুত করল অ্যাস্টন ভিলা। অন্যদিকে ৫৯ পয়েন্ট নিয়ে তাদের ঠিক পেছনেই রয়েছে লিভারপুল। ১৯৮০ সালের পর লিগ শিরোপা না জিতলেও, উনাই এমেরির অধীনে সাম্প্রতিক বছরগুলোতে নিজেদের ক্লাব ইতিহাসের অন্যতম সেরা সময় পার করছে ১৫২ বছরের পুরোনো এই ক্লাবটি। ২০২৪ সালেও তারা চতুর্থ হয়ে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিয়েছিল। আবারও ইউরোপের শীর্ষ মঞ্চে জায়গা করে নেওয়া ক্লাবটির জন্য একটি বিশাল মাইলফলক।
আগামী ২৪ মে (রবিবার) লিগের শেষ ম্যাচে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে অ্যাস্টন ভিলা। আর লিভারপুল তাদের ঘরের মাঠ অ্যানফিল্ডে আতিথ্য দেবে সান্ডারল্যান্ডকে।