রিয়াল মাদ্রিদের 'স্পেশাল' দায়িত্ব নিয়ে ফিরছেন 'স্পেশাল ওয়ান'

আপডেট : ১৬ মে ২০২৬, ১১:১১ এএম

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আবারও রিয়াল মাদ্রিদের ডাগআউটে ফিরছেন ‘স্পেশাল ওয়ান’ জোসে মরিনহো। সান্তিয়াগো বার্নাব্যুতে পর্তুগিজ এই কোচের প্রত্যাবর্তন এখন কেবলই সময়ের ব্যাপার। স্প্যানিশ ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর দাবি, রিয়াল মাদ্রিদের পরবর্তী কোচ হওয়ার দৌড়ে এখন এককভাবে এগিয়ে আছেন তিনি। অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে স্প্যানিশ গণমাধ্যম 'মার্কা' জানিয়েছে, মরিনহোর রিয়ালে ফেরার সম্ভাবনা এখন ৯৯.৯ শতাংশ।

যদি নাটকীয় কোনো পরিবর্তন না ঘটে, তবে আগামী ২৩ মে চলতি মৌসুম শেষ হওয়ার পরপরই আলভারো আরবেলোয়ার স্থলাভিষিক্ত হবেন তিনি। এর মাধ্যমে সান্তিয়াগো বার্নাব্যুতে মাত্র এক বছরের মধ্যে চতুর্থবারের মতো কোচ বদলের ঘটনা ঘটতে যাচ্ছে। কার্লো আনচেলত্তি, জাবি আলোনসো এবং আরবেলোয়ার পর এবার ক্লাবের হাল ধরছেন মরিনহো।

কিছুদিন আগেও রিয়ালের পরবর্তী কোচ হিসেবে মাউরিসিও পচেত্তিনো কিংবা দিদিয়ের দেশমের মতো নামগুলো আলোচনায় ছিল। তবে সাম্প্রতিক সময়ে রিয়ালের ড্রেসিংরুমের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা পুরো দৃশ্যপট বদলে দিয়েছে।

ওভিয়েদোর বিপক্ষে ম্যাচের পর কোচ আরবেলোয়ার ওপর কিলিয়ান এমবাপ্পের ক্ষোভ প্রকাশ এবং স্কোয়াডের ভেতর অহেলিয়াঁ চুয়ামেনি ও ফেদেরিকো ভালভার্দের মধ্যকার সাম্প্রতিক দ্বন্দ্ব রিয়ালের ড্রেসিংরুমকে একটি 'বারুদের স্তূপে' পরিণত করেছে। ক্লাব কর্তৃপক্ষের বিশ্বাস, এই মুহূর্তে তারকা ঠাসা রিয়াল শিবিরের বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য জোসে মরিনহোর চেয়ে যোগ্য আর কেউ হতে পারে না।

রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ ইতিমধ্যেই মরিনহোর ফেরার পক্ষে পরোক্ষ ইঙ্গিত দিয়েছেন। স্প্যানিশ ব্রডকাস্টার 'লা সেক্সতা'-কে দেওয়া এক সাক্ষাৎকারে পেরেজ বলেন, "মরিনহো আগেও এখানে ছিলেন এবং আমাদের দলের মান অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন।"

পেরেজ এবং রিয়ালের উর্ধ্বতন কর্মকর্তারা মনে করেন, ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত মরিনহোর প্রথম মেয়াদই মূলত রিয়ালের পরবর্তী সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছিল। যার ফলশ্রুতিতে ২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে পাঁচ বছরে চারটি চ্যাম্পিয়ন্স লিগ জয় করতে পেরেছিল লস ব্লাঙ্কোসরা।

মরিনহো বর্তমানে পর্তুগিজ ক্লাব বেনফিকার দায়িত্বে আছেন। তবে রিয়ালের জন্য চুক্তি প্রক্রিয়াটি খুব একটা জটিল হবে না। মাত্র ৩ মিলিয়ন ইউরো (প্রায় ৩০ লাখ ইউরো) রিলিজ ক্লজ বা ক্ষতিপূরণ দিলেই বেনফিকা থেকে মুক্ত হতে পারবেন তিনি, যা রিয়াল মাদ্রিদের মতো ক্লাবের কাছে খুবই সামান্য বিষয়।

তবে মরিনহো আসার পর রিয়াল মাদ্রিদ স্কোয়াডে বড় ধরনের রদবদল আসতে যাচ্ছে। গ্রীষ্মকালীন দলবদলে বেশ কয়েকজন খেলোয়াড়ের বিদায় এবং নতুন খেলোয়াড় ভেড়ানোর ক্ষেত্রে নতুন কোচের সিদ্ধান্তই চূড়ান্ত হবে। ফলে ভালদেবেবাসে (রিয়ালের অনুশীলন মাঠ) এবারের গ্রীষ্মটা বেশ দীর্ঘ এবং ব্যস্ত হতে চলেছে। এখন কেবল ক্লাব থেকে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত