সৌদি আরব পৌঁছেছেন ৫৯ হাজার ৫৫ বাংলাদেশি হজযাত্রী

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এ পর্যন্ত ১৫২টি ফ্লাইটে ৫৯ হাজার ৫৫ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন বলে জানিয়েছেন বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন।

তিনি জানান, শনিবার (১৬ মে) সকাল ১০টা পর্যন্ত এসব ফ্লাইট জেদ্দা ও মদিনা বিমানবন্দরে অবতরণ করেছে।

হজ বুলেটিনের তথ্যানুযায়ী, গতকাল পর্যন্ত চার নারীসহ মোট ১৫ জন বাংলাদেশি হজযাত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১১ জন মক্কায় এবং চারজন মদিনায় মারা যান। এছাড়া গতকাল শুক্রবার (১৫ মে)  পর্যন্ত সৌদি মেডিকেল টিমের মাধ্যমে ৩০ হাজার ১২৬ জন এবং আইটি হেল্পডেস্কের মাধ্যমে ১৭ হাজার ১১০ জন হজযাত্রী চিকিৎসা সেবা পেয়েছেন।

বাংলাদেশ হজ অফিসের পরিচালক জানান, এ বছর ৭৮ হাজার ৫০০ জন বাংলাদেশির হজ পালনের কথা রয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ ও বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন রয়েছেন।

এবছর ৩০টি প্রধান এবং ৬৩০টি সমন্বয়কারীসহ মোট ৬৬০টি এজেন্সি হজ কার্যক্রম পরিচালনা করছে।

এয়ারলাইন্স ভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭৬টি ফ্লাইটে ৩০ হাজার ৭৮, সৌদি এয়ারলাইন্সের ৫৪টি ফ্লাইটে ২০ হাজার ৫২১ ও ফ্লাইনাসের ২২টি ফ্লাইটে ৮ হাজার ৪৫৬ জন হজযাত্রী সৌদি আরব ভ্রমণ করেছেন। বাকি ১৯ হাজার ৩২৩ জন হজযাত্রী পর্যায়ক্রমে নির্ধারিত ফ্লাইটে সৌদি আরব যাবেন বলে আশা করা হচ্ছে।

গত ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে ৪১৮ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট (ইএ৩০০১) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করে। প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই ফ্লাইটের উদ্বোধন করেন।

সূত্র: বাসস