হজযাত্রী নিবন্ধনের টাকা জমা নিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ পিএম

২০২৭ সালের হজ নিবন্ধনের অর্থ জমা নেওয়ার সুবিধার্থে আগামী শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ও শনিবার (২৬ সেপ্টেম্বর) হজ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকের নির্দিষ্ট শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক ব্যাংক লেনদেনের সময় শেষ হওয়ার পরও হজ নিবন্ধনের অর্থ জমা দিতে আসা গ্রাহক উপস্থিত থাকা পর্যন্ত অর্থ গ্রহণের ব্যবস্থা করতে বলা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ থেকে এ বিষয়ে ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের স্মারকের পরিপ্রেক্ষিতে ২০২৭ সালের হজের নিবন্ধনের অর্থ জমাদানের সুবিধার্থে হজের অর্থ গ্রহণকারী ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলো ২৫ সেপ্টেম্বর শুক্রবার ও ২৬ সেপ্টেম্বর শনিবার স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা রাখতে হবে।

এতে আরও বলা হয়েছে, নির্ধারিত ব্যাংক লেনদেনের সময় শেষ হওয়ার পরও হজ নিবন্ধনের অর্থ জমাদানকারী গ্রাহক যতক্ষণ উপস্থিত থাকবেন, ততক্ষণ পর্যন্ত অর্থ গ্রহণ করতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট শাখায় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে হজ নিবন্ধন কার্যক্রম নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

চলতি বছর ২০২৭ সালের হজ নিবন্ধনের জন্য নির্ধারিত সময়ের মধ্যে অর্থ জমা দেওয়ার সুযোগ পাচ্ছেন আগ্রহী হজযাত্রীরা। নিবন্ধনের অর্থ গ্রহণের ক্ষেত্রে ব্যাংক শাখা খোলা ও অতিরিক্ত সময় অর্থ গ্রহণের এই ব্যবস্থা নেওয়া হয়েছে মূলত নির্ধারিত সময়ের মধ্যে হজের অর্থ জমা দেওয়ার সুযোগ নিশ্চিত করতে।

সর্বশেষ সর্বাধিক পঠিত