কেরানীগঞ্জে ১০০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ঢাকার কেরানীগঞ্জে ৩০ লাখ টাকা মূল্যমানের ১০০ কেজি গাঁজাসহ মো. সোহান হোসেন (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ কাভার ভ্যান জব্দ করা হয়।

আজ শনিবার (১৬ মে) অধিনায়কের পক্ষে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১০ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি তাপস কর্মকার।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, সিলেটের হবিগঞ্জ জেলা থেকে একটি গাঁজার  বড় চালান ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের গোলাম বাজার এলাকায় আসছে। এ সংবাদের ভিত্তিতে র‍্যাব-১০ এর একটি টিম শনিবার ভোর সাড়ে ৪টার দিকে গোলামবাজার এলাকায় অভিযান পরিচালনা করে। সেখানে একটি পিকআপ কাভার ভ্যান তল্লাশি করে ১০০ কেজি গাঁজাসহ সোহান হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, মাদক বিক্রির নগদ ১২ হাজার ৯৫০ টাকা এবং ৪১টি প্লাস্টিকের বস্তাভর্তি রাবার উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত কাভার ভ্যানটি জব্দ করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি আরো জানান, র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায গ্রেপ্তারকৃত সোহান হোসেন একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধ ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে উদ্ধারকৃত মাদক, টাকা, মোবাইল হস্তান্তর করার প্রস্তুতি চলছে। 

তিনি আরও জানান, র‌্যাব-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।