ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ আব্দুল্লাহপুর ফ্লাইওভারের উপরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা তরিকুল ইসলাম পাপন (২৮) নামে এক যুবক হাসপাতালে নেয়ার পর মারা গেছেন। তিনি ছিনতাইকারীর কবলে পড়েছিলেন বলে ধারণা করছেন উদ্ধারকারী পথচারীরা। পাপন বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন বলে জানা গেছে।
মঙ্গলবার (১৬ জুন) রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত সাড়ে ১২টায় মৃত ঘোষণা করেন।
স্বজনরা জানান, তরিকুল থাকতেন শ্যামপুর। তার বাবার নাম শফিকুল ইসলাম মাসুদ।
তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী ইমন আহমেদ ও তার সাথে থাকা আরও কয়েকজন পথচারী জানান, রাতে আব্দুল্লাহপুর ফ্লাইওভারের ওপর ওই ব্যক্তিকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। তখন দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসেন। তবে চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। তার শরীরে জখমের চিহ্ন রয়েছে। তিনি ছিনতাইকারীর কবলে পড়ে থাকতে পারেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ওই ব্যক্তির শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।