নামের মতোই সুন্দর চিত্রনায়িকা পরীমনি। তবে সুন্দর চেহারার মাধ্যমে চলচ্চিত্রে আসার শুরুটা মোটেও সুখকর ছিল না তার। বিতর্ক দিয়েই শুরু হয় তার চলচ্চিত্র যাত্র। সিনেমা মুক্তির আগেই নিজের রূপ-সৌন্দর্য দিয়ে চলচ্চিত্রমহলে নজর কাড়েন এই অভিনেত্রী।এরপর সিনেমায় অভিষেক হলে শুরু থেকেই ফ্লপের তালিকায় নাম ওঠে তার। তবে সিনেমা ব্যবসা করুক বা না করুক আকর্ষনীয় সৌন্দর্য, শারীরিক গঠন, মিষ্টি হাসিতে মাত করে দেন লাখো দর্শকের হৃদয়।
পাশাপাশি সাহসী কথা-বার্তা, একাধিক বিয়ে-বিচ্ছেদ, মাদক কাণ্ডসহ নানা কারণে চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন এই নায়িকা। অনেকদিন এই অভিনেত্রীর হাতে কোনো কাজ না থাকলেও সোশ্যাল মিডিয়ায় পরীমনি মানেই যেন ইউজারদের দৃষ্টি কেড়ে নেয়া। তিনি কোনো ছবি কিংবা লেখা পোস্ট করলেই লাইক-কমেন্টের হিড়িক পড়ে যায়। এমনকি তিনি যদি কেবল লেখেন, ‘ইস’, সেখানেও রহস্য খুঁজে বেড়ান সবাই। বিনোদন সাংবাদিকরাও যেন প্রতিনিয়ত চোখ বোলান তার ফেসবুক অ্যাকাউন্টে। কিছু একটা পেলেই খবরের শিরোনাম হয়ে যান পরী।
এদিকে, ব্যক্তিগত বিতর্ককে পাশ কাটিয়ে পরীর রূপের প্রশংসা করেন অনেক জনপ্রিয় নায়িকারাও। সিনিয়র-জুনিয়র অনেক নায়িকাদের সঙ্গে কথা বললে অবলীলায় পরীর প্রশংসা করেন কোনো রকম কার্পণ্য ছাড়াই। যদিও এগুলো প্রকাশ করতে মানা করেন তারা।
সাহসী মনোভাব, অতীতের বিভিন্ন বিতর্কিত ঘটনা এবং শোবিজের প্রথাগত নিয়মের বাইরে চলা ফেরা, নিজস্ব স্টাইল – সবমিলিয়ে পরীমনি যেন অন্য এক আগ্রহের কেন্দ্রবিন্দু চলচ্চিত্র ও দর্শকমহলে।
এরইমধ্যে পরীমনির নিজস্ব মুখশ্রী ও ফিটনেসের প্রশংসা করে সাহসী এক মন্তব্য করে বসলেন চিত্রনায়িকা তমা মির্জ। একটি টিভি অনুষ্ঠানে শোবিজ অঙ্গনের কসমেটিক ট্রিটমেন্ট ও প্লাস্টিক সার্জারি নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন তিনি। তমার দাবি, বর্তমান সময়ের অধিকাংশ তারকাই অ্যাস্থেটিক ট্রিটমেন্ট করান এবং পরীমনি ছাড়া সবার চেহারাতেই সার্জারির ছাপ রয়েছে। বলা চলে পরী একজন রিয়েল বিউটি।
তবে এসব ট্রিটমেন্টের বিরুদ্ধে নন বলেও জানান তমা। তার মতে, পরিবর্তন করেও সেটি অস্বীকার করার প্রবণতাই বেশি অস্বস্তিকর। নারী-পুরুষ উভয় তারকারাই এখন বিভিন্ন বিউটি ট্রিটমেন্ট নিচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।