আসন্ন আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে (আইবিও) বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য চূড়ান্ত দল গঠন এবং তাদের নিবিড় প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড ও ন্যাশনাল ইন্সটিটিউট অব বায়োটেকনোলজি (এনআইবি) এর উদ্যোগে বুধবার (১৩ মে) এনআইবিতে বায়োক্যাম্প ২০২৬ এর উদ্বোধন হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আশরাফ আলী ফারুক, অতিরিক্ত সচিব (প্রশাসন), বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ড. রাখহরি সরকার, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ঢাবি ও একই সাথে তিনি বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড কেন্দ্রীয় কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রফেসর ড. মো. ছগীর আহমেদ, মহাপরিচালক, এনআইবি।
দেশব্যাপী অনুষ্ঠিত আঞ্চলিক ও জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জনকারী বাছাইকৃত ২০ জন মেধাবী শিক্ষার্থীদের নিয়ে ০৪ দিনব্যাপী এই বিশেষ আবাসিক ক্যাম্পের আয়োজন করা হয়। বায়োক্যাম্পে এনআইবি'র বিজ্ঞানী ও গবেষক এবং জীববিজ্ঞান বিশেষজ্ঞদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে তাত্ত্বিক ও ব্যবহারিক উভয় ক্ষেত্রেই শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রদান করা হয়।
এবারের বায়োক্যাম্পের প্রধান আকর্ষণ ও বিশেষত্ব হচ্ছে অলিম্পিয়াডের চলমান সংস্কার ও আধুনিকায়নের অংশ হিসেবে এবারের ক্যাম্পে প্রচলিত পদ্ধতির পাশাপাশি আরও উদ্ভাবনী প্রশিক্ষণ পদ্ধতি অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রাণী, বিশেষত পোকামাকড় ও মাছের অঙ্গসংস্থান, শারীরতত্ত্ব ও সিস্টেমেটিক্স, উদ্ভিদ গণনাতাত্ত্বিক জীববিজ্ঞান, এনজাইম গতিবিদ্যা এবং আণবিক জীববিজ্ঞানে বিশেষ গুরুত্ব প্রদান করা হয়েছে।
শিক্ষার্থীরা যাতে বিশ্বমঞ্চে উন্নত দেশের প্রতিযোগীদের সাথে যেকোনো ধরনের বিশ্লেষণী ও ল্যাবরেটরি চ্যালেঞ্জ আত্মবিশ্বাসের সাথে মোকাবিলা করতে পারে, সে লক্ষ্যে ব্যবহারিক ক্লাসের ওপর জোর ও অধিক গুরুত্বারোপ করা হয়েছে।
ক্যাম্পের এই নিবিড় প্রশিক্ষণ ও ধারাবাহিক মূল্যায়নের শেষে অত্যন্ত স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক চূড়ান্ত বাছাই প্রক্রিয়ার মাধ্যমে গঠন করা হবে বাংলাদেশ জাতীয় জীববিজ্ঞান দল। নির্বাচিত এই তরুণ মেধাবীরাই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে লাল-সবুজের পতাকার প্রতিনিধিত্ব করবে।
মাস্টার ক্যাম্পার হিসেবে নির্বাচিত হয়েছেন ১০ জন। তারা হচ্ছেন নাশওয়ান হক মাহির, সাবিল ইসলাম, দিবস তালুকদার, মো. সাইফান হায়দার, নওশীন শাকিরীন, ইসরাত জেরিন ফারিয়া, রক্তিম চক্রবর্তী, মো. ইয়াসিন, আবু মাহজুরাহ আয়মান, আহনাফ দাইয়ান। তাদের সঙ্গে যোগ দেন আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড ২০২৫ এ বাংলাদেশের হয়ে পদকজয়ী ফারাবীদ বিন ফয়সাল। এই ১১ জন ৫ ঘন্টাব্যাপী ব্যবহারিক ও তত্ত্বীয় জীববিজ্ঞান বিষয়ে উচ্চতর প্রতিযোগিতায় অংশ নেন এবং সেখান থেকে চূড়ান্তভাবে নির্বাচিত হবেন বাংলাদেশ জীববিজ্ঞান দলের চারজন প্রতিযোগী। তারা লিথুয়ানিয়ায় ১২-১৯ জুলাই অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের পতাকাবাহী হয়ে বিশ্বের আশিটির অধিক দেশের প্রতিযোগীদের সঙ্গে মেধার লড়াইয়ে শামিল হবেন।
শনিবার (১৬ মে) বায়োক্যাম্পের আনুষ্ঠানিক পর্দা নামছে। সমাপনী অনুষ্ঠানে এনআইবি মহাপরিচালক ড. মো. ছগীর আহমেদ, বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক প্রফেসর ড. তারিক আরাফাত, বিডিবিও'র সভাপতিমণ্ডলীর সদস্য প্রফেসর ড. মৃত্যুঞ্জয় কুণ্ডু এবং বিডিবিও'র অলিম্পিয়াড কোচ ডা. সৌমিত্র চক্রবর্তী উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান থেকে সমাপনী অনুষ্ঠান পর্যন্ত ম্যানেজমেন্টের দায়িত্বে ছিলেন বিডিবিও'র এনজাইমবৃন্দ। সমগ্র প্রশিক্ষণ কার্যক্রম সমন্বয় করেন এনআইবি'র ট্রেনিং কোঅর্ডিনেটর ড. মো. মাহমুদ হাসান।