হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় পিতা-পুত্র নিহত হয়েছেন। শনিবার রাত ১০টার দিকে পোদ্দারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় উত্তেজিত জনতা ট্রাকটি অগ্নিসংযোগ করে।
নিহতরা হলেন—হবিগঞ্জ পৌরসভার সুলতান মাহমুদপুর গ্রামের আব্দুল কাইয়ুম (৫৫) ও তাঁর ছেলে জাকির হোসেন (২০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল কাইয়ুম তাঁর ছেলে জাকির হোসেনকে নিয়ে মোটরসাইকেলযোগে ধুলিয়াখাল এলাকার দিকে যাচ্ছিলেন। পথে পোদ্দারবাড়ি এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পথে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ঢুকে যায়। এতে দু’জনই গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পিতা-পুত্রকে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।