সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ব্লুজদের ডাগআউটে বসছেন স্প্যানিশ মাস্টারমাইন্ড জাবি আলোনসো। স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাব চেলসির প্রধান কোচের দায়িত্ব নিতে নীতিগতভাবে সম্মত হয়েছেন তিনি। ইএসপিএন-এর সূত্রমতে, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই চেলসি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে আলোনসোকে নতুন কোচ হিসেবে ঘোষণা করতে যাচ্ছে।
৪৪ বছর বয়সী আলোনসো চলতি বছরের জানুয়ারিতে রিয়াল মাদ্রিদ থেকে বরখাস্ত হওয়ার পর থেকে কোনো ক্লাবের দায়িত্বে ছিলেন না। সান্তিয়াগো বার্নাব্যুতে মাত্র অর্ধেক মৌসুম কাটানোর পর তাকে কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তবে চেলসির ঘনিষ্ঠ সূত্রগুলো নিশ্চিত করেছে যে, পশ্চিম লন্ডনের এই ক্লাবটির সাথে চার বছরের একটি দীর্ঘমেয়াদি চুক্তি করতে যাচ্ছেন সাবেক এই লিভারপুল তারকা।
শনিবার ওয়েম্বলিতে ম্যানচেস্টার সিটির কাছে এফএ কাপের ফাইনালে হেরে রানার্সআপ হওয়া চেলসি গত এক মাস ধরেই স্থায়ী কোচের খোঁজে ছিল। গত এপ্রিলে লিয়াম রোজনিয়রকে বরখাস্ত করার পর থেকে অন্তর্বর্তীকালীন কোচ ক্যালাম ম্যাকফারলেন দলের দায়িত্ব সামলাচ্ছিলেন। এর আগে গত জানুয়ারিতে এনজো মারেস্কার স্থলাভিষিক্ত হওয়া রোজনিয়র স্ট্যামফোর্ড ব্রিজে মাত্র ১০৬ দিন টিকে থাকতে পেরেছিলেন।
রোজনিয়রের বিকল্প হিসেবে চেলসির বোর্ডের নজরে বোর্নমাউথের আন্দোনি ইরাওলা এবং ফুলহামের মার্কো সিলভাও ছিলেন। তবে গত কয়েকদিনে বায়ার লেভারকুসেনের সাবেক গুরু জাবি আলোনসোকেই নিজেদের প্রধান লক্ষ্য বানিয়ে আলোচনা চালিয়ে যায় চেলসি প্রশাসন।
সূত্র জানায়, চেলসির দায়িত্ব নেওয়ার আগে ক্লাবের ট্রান্সফার কৌশল (খেলোয়াড় কেনাবেচা) এবং কোচের একক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার ব্যাপারে ব্লুজদের আমেরিকান মালিকপক্ষ ‘ব্লু-কো’ (BlueCo)-এর কাছে কিছু শর্ত ও নিশ্চয়তা চেয়েছিলেন আলোনসো। মালিকপক্ষের সাথে ফলপ্রসূ আলোচনার পর সব শর্ত পূরণ হওয়ায় তিনি এই প্রস্তাবে রাজি হন।
আগামী মঙ্গলবার স্ট্যামফোর্ড ব্রিজে টটেনহ্যাম হটস্পারের বিরুদ্ধে প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচ রয়েছে চেলসির। ধারণা করা হচ্ছে, সেই ম্যাচের আগেই আলোনসো ক্লাবের দায়িত্ব বুঝে নেবেন এবং সবকিছু ঠিক থাকলে স্পার্সদের বিপক্ষেই চেলসির ডাগআউটে তার অভিষেক হতে পারে।