গাজায় বিমান হামলা চালিয়ে হামাসের সামরিক শাখার প্রধান এজেদ্দিন আল-হাদ্দাদকে হত্যার দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ)। গতকাল শনিবার এক বিবৃতিতে আইডিএফ জানায়, গাজা সিটি এলাকায় পরিচালিত একটি নির্ভুল অভিযানে সন্ত্রাসী এজেদ্দিন আল-হাদ্দাদকে হত্যা করা হয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে হয়েছে, হামাসের কর্মকর্তারাও আল-হাদ্দাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার মধ্য গাজার আল আকসা শহীদ মসজিদে হাদ্দাদ, তার স্ত্রী এবং ১৯ বছর বয়সী মেয়ের জানাজা অনুষ্ঠিত হয়। তবে আল-হাদ্দাদের স্ত্রী ও সন্তান কীভাবে মারা গেছেন, তাৎক্ষণিকভাবে সেটি জানা যায়নি। স্থানীয় চিকিৎসকদের মতে, ইসরায়েল গত শুক্রবার গাজায় অন্তত দুটি হামলা চালিয়েছে, এতে তিন নারী ও এক শিশুসহ সাতজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
শুক্রবার এক যৌথ বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, তাদের সামরিক বাহিনী হামাস নেতাকে লক্ষ্য করে একটি বিমান হামলা চালিয়েছে। তবে বিবৃতিতে আল-হাদ্দাদের নিহতের বিষয়ে কিছু বলা হয়নি। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পরিকল্পনা ও বাস্তবায়নে হাদ্দাদ জড়িত ছিলেন। বিবৃতিতে আরও বলা হয়, যুদ্ধ চলাকালে হামাসের হাতে আটক বহু ইসরায়েলিকে জিম্মি করে রাখার সঙ্গেও হাদ্দাদ জড়িত ছিলেন।