ইরানের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দ্রুত শান্তিচুক্তি না হলে দেশটির জন্য অপেক্ষা করছে ‘খুব খারাপ সময়’।
ফরাসি সংবাদমাধ্যম বিএফএমটিভি’কে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি আরও জানিয়েছেন, একটি সমঝোতায় পৌঁছানো যুক্তরাষ্ট্রের পাশাপাশি দরকার ইরানেরও। আলোচনার মাধ্যমে সংকট সমাধানের সুযোগ এখনো রয়েছে।
এদিকে শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, নতুন করে আলোচনায় আগ্রহ প্রকাশ করে ট্রাম্প প্রশাসনের কাছ থেকে বার্তা পেয়েছে তেহরান। তবে ওয়াশিংটনের প্রকৃত উদ্দেশ্য নিয়ে এখনো ইরানের মধ্যে অবিশ্বাস রয়েছে বলেও সতর্ক করেছেন তিনি।
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা চলাকালে এর আগেও যুক্তরাষ্ট্র দুবার হামলা চালিয়েছিল দেশটিতে।
অন্যদিকে দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদন বলছে, ইরান ইস্যুতে বড় ধরনের সিদ্ধান্তের প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন। অচলাবস্থা নিরসনে আরও সামরিক অভিযান চালানোর সম্ভাবনাও রাখা হয়েছে বিবেচনায়। এ লক্ষ্যে ট্রাম্পের শীর্ষ উপদেষ্টারা নতুন অভিযানের পরিকল্পনা প্রস্তুত রেখেছেন বলে উল্লেখ করা হয় এই প্রতিবেদনে।
তবে উপদেষ্টারা জানিয়েছেন, পরবর্তী পদক্ষেপ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ট্রাম্প। একই সময়ে কূটনৈতিক সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন সংশ্লিষ্ট দেশগুলোর কর্মকর্তারা। ইরানকে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে রাজি করানোর উদ্যোগও নিয়েছেন তারা।