ঊনত্রিশে নিভে গেল কারিনা কায়সারের জীবন প্রদীপ

দেশের জনপ্রিয় তরুণ কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। গত শুক্রবার রাতে লিভার-সংক্রান্ত জটিলতায় ভারতের চেন্নাইয়ের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ২৯ বছর। তিনি মা-বাবা ও দুই ভাই রেখে গেছেন। কারিনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার বাবা জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ জানান, ফুসফুসে অ্যান্টিবায়োটিক প্রয়োগের সময় হঠাৎ তার রক্তচাপ অনেক নিচে নেমে যায়। পরে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। আজ রবিবার দুপুরে কারিনার মরদেহ ভারত থেকে দেশে আনা হবে। এরপর বাদ আসর বনানী ডিওএইচএস জামে মসজিদ প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। আগামীকাল সোমবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে দ্বিতীয় জানাজা শেষে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় তাকে দাফন করা হবে।

পারিবারিক সূত্র জানায়, কয়েক দিন ধরেই শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল কারিনার। শুরুতে জ্বর এবং পরে শরীরে সংক্রমণ ধরা পড়ে। একই সঙ্গে হেপাটাইটিস এ ও ই-জনিত জটিলতায় লিভার ফেইলিওর দেখা দেয়। অবস্থার অবনতি হলে প্রথমে রাজধানীর একটি হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ১১ মে রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে ভারতের চেন্নাই নেওয়া হয়। কারিনা কায়সার মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রাণবন্ত উপস্থাপনা ও জীবনধর্মী কনটেন্টের জন্য ব্যাপক জনপ্রিয় ছিলেন। অভিনয়ের জগতেও তিনি নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। কারিনা অভিনীত উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয় সিরিজ ‘ইন্টার্নশিপ’ এবং সিনেমা ‘৩৬-২৪-৩৬’।