আ.লীগ নেতার দখল থেকে ২৫ কোটি টাকার জমি উদ্ধার

দীর্ঘ চার দশক ধরে আওয়ামী লীগ নেতার দখলে থাকা বগুড়ার শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রায় ৪১ শতক সরকারি জমি উদ্ধার করেছে প্রশাসন। জমিটির বাজারমূল্য আনুমানিক প্রায় ২৫ কোটি টাকা। অভিযোগ রয়েছে, দখলদারদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আজিজুল হকও ছিলেন। তার দখলেই ছিল প্রায় ২০ শতক জমি। বিদ্যালয় কর্তৃপক্ষের আপত্তি উপেক্ষা করে বছরের পর বছর সেখানে অবৈধ স্থাপনা নির্মাণ ও ভোগদখল চলছিল। গতকাল শনিবার সকাল ৮টা থেকে উপজেলা প্রশাসনের নেতৃত্বে উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানে জমির ওপর নির্মিত মার্কেটসহ বিভিন্ন অবৈধ স্থাপনা অপসারণ করা হয়।

জানা যায়, গত সোমবার অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় কয়েকজন সদস্য বিষয়টি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির নজরে আনেন। তিনি দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে তদন্তে সরকারি জমি দখলের সত্যতা পাওয়া গেলে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযান চালান।

ইউএনও জিয়াউর রহমান বলেন, দীর্ঘ ৪০ বছর বিদ্যালয়ের জমিটি প্রভাবশালী মহলের দখলে ছিল। অবশেষে প্রশাসনের উদ্যোগে তা উদ্ধার করা সম্ভব হয়েছে। বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আতাউর রহমান বলেন, অবৈধ দখলমুক্ত করতে আমরা দীর্ঘদিন বিভিন্ন জায়গায় চেষ্টা করেও সফল হইনি। অবশেষে জায়গাটি উদ্ধার হওয়ায় আমরা আনন্দিত। তবে অভিযোগের বিষয়ে দখলদারদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ফোন বন্ধ পাওয়া যায়।