ব্যাংকিং খাতে সাইবার সুরক্ষায় অনন্য নজির গড়লো মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক

বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)-এর আওতাধীন বিজিডি ই-গভ সার্ট কর্তৃক আয়োজিত ‘জাতীয় ফিনসিআইআই সাইবার ড্রিল ২০২৬’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর সাইবার নিরাপত্তা দল ‘CyberSavvy’। দেশের শীর্ষস্থানীয় ব্যাংক, আর্থিক ও প্রযুক্তি প্রতিষ্ঠানের সাইবার বিশেষজ্ঞদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিযোগিতায় দুর্দান্ত সাফল্যের স্বাক্ষর রেখেছে দলটি।

দিনব্যাপী আয়োজিত এই সাইবার ড্রিলে অংশগ্রহণকারী দলগুলোর সাইবার নিরাপত্তা দক্ষতা ও প্রযুক্তিগত সক্ষমতা যাচাই করা হয়। প্রতিযোগিতা শেষে প্রকাশিত চূড়ান্ত স্কোরবোর্ডে দেখা যায়, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘CyberSavvy’ দল ৫৭৫০ স্কোর অর্জন করে শীর্ষ স্থানটি দখল করে। মূলত দলের সদস্যদের নিরলস প্রচেষ্টা, দ্রুত সমস্যা সমাধানের ক্ষিপ্রতা এবং অনন্য সমন্বিত টিমওয়ার্কের কারণেই এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে।

এবারের প্রতিযোগিতায় বাস্তবমুখী সাইবার চ্যালেঞ্জের ওপর ভিত্তি করে বিভিন্ন ক্যাটাগরি অন্তর্ভুক্ত ছিল। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল আধুনিক সাইবার আক্রমণ শনাক্তকরণ, ইনসিডেন্ট রেসপন্স (ঘটনা পরবর্তী দ্রুত ব্যবস্থা গ্রহণ), ডিজিটাল ফরেনসিকস এবং সিকিউরিটি অ্যানালাইসিস। এসব জটিল ও সংবেদনশীল ধাপে দক্ষতার পরিচয় দিয়ে চূড়ান্ত স্কোরবোর্ডে দ্বিতীয় স্থান অর্জন করেছে ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি’র দল ‘DBBL Cyber Squad’ এবং তৃতীয় স্থান লাভ করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশের ‘CBBL Warrior’।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এই দলটির নেতৃত্বে ছিলেন দক্ষ সাইবার বিশেষজ্ঞ মো. আশিকুর রহমান। দলের অন্যান্য অনবদ্য ভূমিকা পালনকারী সদস্যরা হলেন- মো. মুশফিক উল আনাম, মো. নাহিদ ইসলাম চৌধুরী, মো. শাহীন কাদির এবং স্বরূপ সাহা। ব্যাংকিং খাতের সার্বিক সুরক্ষায় এই ধরনের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব দেশের আর্থিক খোদেই ইতিবাচক বার্তা দেয়।

ঐতিহাসিক এই জয়ের পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে টিম লিডার মো. আশিকুর রহমান বলেন, ‌‌দেশের সেরা এবং দক্ষ সাইবার টিমগুলোর সঙ্গে প্রতিযোগিতা করে প্রথম স্থান অর্জন করা আমাদের জন্য সত্যিই অত্যন্ত গর্বের ও আনন্দের। আমাদের পুরো টিম যে আন্তরিকতা, ধৈর্য ও পেশাদার টিমওয়ার্কের পরিচয় দিয়েছে, এটি মূলত তারই ফসল।

সাফল্যের মূল অনুপ্রেরণা সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি ব্যাংকের প্রধান তথ্য নিরাপত্তা কর্মকর্তা (সিআইএসও)-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আশিকুর রহমান বলেন, আমাদের সম্মানিত সিআইএসও মো. ছানোয়ার হোসেন স্যারকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। তিনি সবসময় তার সুদীর্ঘ জ্ঞান, অভিজ্ঞতা ও দিকনির্দেশনার মাধ্যমে আমাদের সমৃদ্ধ করেছেন। তাঁর নিয়মিত শিক্ষামূলক কার্যক্রম ও অনুপ্রেরণাই পুরো আইটি সিকিউরিটি টিমকে প্রতি মুহূর্তে আপডেট ও আত্মবিশ্বাসী রাখতে মূল ভূমিকা পালন করেছে।

দেশের আর্থিক খাতের ডিজিটালাইজেশনের এই যুগে সাইবার নিরাপত্তা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এই অনন্য অর্জন দেশের ব্যাংকিং খাতে সাইবার নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধির একটি মাইলফলক উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে। এটি প্রমাণ করে যে, সঠিক নেতৃত্ব, দক্ষ মানবসম্পদ এবং ধারাবাহিক প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক মানের সাইবার সুরক্ষা নিশ্চিত করতে পুরোপুরি সক্ষম।