চ্যাটজিপিটিতে আসছে ‘স্বাস্থ্যসেবা’

আপডেট : ২৯ জুলাই ২০২৬, ১২:২৬ পিএম

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটিতে ‘হেলথ ইন চ্যাটজিপিটি’ নামে নতুন একটি স্বাস্থ্যসেবা ফিচার চালু করেছে ওপেনএআই। এর মাধ্যমে ব্যবহারকারীরা ল্যাব রিপোর্ট, দৈনন্দিন স্বাস্থ্য তথ্য এবং সমর্থিত স্বাস্থ্য প্ল্যাটফর্মের ডাটা এক জায়গায় বিশ্লেষণ করতে পারবেন।

এই ফিচারে অ্যাপল হেলথের মতো সমর্থিত প্ল্যাটফর্মের তথ্য, ল্যাব রিপোর্ট ও অন্যান্য স্বাস্থ্যসংক্রান্ত নথি যুক্ত করলে চ্যাটজিপিটি সেগুলোর সারসংক্ষেপ তৈরি করবে এবং সহজ ভাষায় ব্যাখ্যা করবে।

নতুন সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা নতুন ও পুরোনো ল্যাব রিপোর্ট তুলনা করতে, চিকিৎসার আগে ও পরে শারীরিক পরিবর্তন পর্যবেক্ষণ করতে, ঘুম, ব্যায়াম ও দৈনন্দিন অভ্যাস বিশ্লেষণ করতে এবং চিকিৎসকের সঙ্গে সাক্ষাতের আগে প্রয়োজনীয় প্রশ্নের তালিকা প্রস্তুত করতে পারবেন। পাশাপাশি জটিল মেডিক্যাল পরিভাষা ও রিপোর্ট সহজে বোঝা এবং কখন চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি হতে পারে, সে বিষয়ে প্রাথমিক ধারণাও পাওয়া যাবে।

ওপেনএআই জানিয়েছে, প্রতি সপ্তাহে ৩০ কোটির বেশি মানুষ স্বাস্থ্যসংক্রান্ত বিভিন্ন প্রশ্নের জন্য চ্যাটজিপিটি ব্যবহার করেন। নতুন ফিচারটি প্রেসক্রিপশন, ওষুধের নির্দেশনা ও মেডিক্যাল রিপোর্ট বুঝতে ব্যবহারকারীদের আরও সহায়তা করবে বলে প্রতিষ্ঠানটির আশা।

ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার বিষয়ে ওপেনএআই জানিয়েছে, স্বাস্থ্যসংক্রান্ত তথ্য এনক্রিপ্টেড অবস্থায় সংরক্ষণ করা হবে। এসব তথ্য বা সংশ্লিষ্ট কথোপকথন এআই মডেল প্রশিক্ষণ কিংবা বিজ্ঞাপনের কাজে ব্যবহার করা হবে না।

তবে বিশেষজ্ঞরা মনে করিয়ে দিয়েছেন, এই ফিচার স্বাস্থ্য তথ্য বোঝার ক্ষেত্রে সহায়ক হলেও এটি চিকিৎসকের বিকল্প নয়। প্রয়োজন হলে অবশ্যই নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

প্রথম ধাপে যুক্তরাষ্ট্রে ফিচারটি চালু হয়েছে। বর্তমানে ১৮ বছর বা তার বেশি বয়সী ব্যবহারকারীরা চ্যাটজিপিটির ওয়েব ও iOS সংস্করণে এটি ব্যবহার করতে পারবেন। ফ্রি, গো, প্লাস ও প্রো-সব সমর্থিত প্ল্যানের ব্যবহারকারীরাই এই সুবিধা পাবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত