ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান দ্বিতীয় দফার সরাসরি আলোচনা একটি স্থায়ী শান্তি চুক্তির সম্ভাবনা তৈরি করতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
যুক্তরাজ্যভিত্তিক দৈনিক দ্য টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনাপূর্ণ বক্তব্য-বিবৃতি অব্যাহত থাকলেও পাকিস্তান দুই পক্ষের মধ্যে মধ্যস্থতার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি আরও দাবি করেন, ইরান, যুক্তরাষ্ট্রের প্রশাসন এবং উপসাগরীয় অঞ্চলের দেশগুলো সবাই পাকিস্তানের ওপর আস্থা রাখে।
শেহবাজ বলেন, আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামাবাদের কূটনৈতিক উদ্যোগ অব্যাহত রয়েছে। তাঁর ভাষায়, 'শান্তি অর্জন সহজ নয়; এর জন্য প্রয়োজন ধৈর্য, দূরদর্শিতা এবং কঠিন পরিস্থিতিতে এগিয়ে যাওয়ার সক্ষমতা।'
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, ইরান-যুক্তরাষ্ট্রের চলমান আলোচনা মূলত গভীর অবিশ্বাসে আটকে আছে।
নয়াদিল্লিতে ব্রিকসভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দুই দেশের সম্পর্ক অগ্রগতির প্রধান বাধা হলো পারস্পরিক অবিশ্বাস।
আরাগচি বলেন, 'যুক্তরাষ্ট্রকে বিশ্বাস না করার যথেষ্ট কারণ ইরানের আছে। তবে একইভাবে ইরানকেও বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে যুক্তরাষ্ট্রের।'
তার মতে, এই আস্থার সংকট নিরসন না হলে আলোচনায় কাঙ্ক্ষিত অগ্রগতি আসবে না।