পাকিস্তানের লাহোরে একটি বাড়ির ছাদ ধসে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
লাহোরের ডেপুটি কমিশনার (ডিসি) অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মুহাম্মদ আলী ইজাজ নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে জেলা প্রশাসনের এক বিবৃতিতে জানানো হয়, বুধবার শহরের হারবান্সপুরা এলাকায় গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। ডিসি ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা তদারকি করছেন।
বিবৃতিতে বলা হয়, রেসকিউ ১১২২-এর সদস্যরা জেলা প্রশাসনের সহযোগিতায় ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। আটকে পড়াদের জীবিত উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।
উদ্ধার অভিযান দ্রুত শেষ করতে ভারী যন্ত্রপাতিও মোতায়েন করা হয়েছে। ডিসি সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধ্বংসস্তূপে আটকে থাকা সবাইকে নিরাপদে উদ্ধারের নির্দেশ দিয়েছেন।
এ ছাড়া ছাদ ধসের কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
