হাম উপসর্গ নিয়ে জেলা-উপজেলা হাসপাতালে গেলেই গণহারে রেফার্ড করা হচ্ছে ঢাকায়। ফলে চাপ বেড়েছে রাজধানীর হাসপাতালগুলোতে। এতে চিকিৎসা ও শয্যা সংকটে দিশেহারা অভিভাবকরা।
রুবেল আহমদ নামে এক অভিভাবক হামে আক্রান্ত একমাত্র সন্তানকে নিয়ে হাসপাতাল থেকে হাসপাতাল ঘুরে দিশেহারা। ভোলা থেকে শুরু করে রাজধানী, কোথাও নেই সিট ফাঁকা। এমন বাস্তবতায় নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ মনে হয়েছে রুবেল আহমদের।
তিনি বলেন, ‘ডাক্তারের কাছে গিয়েছিলাম। তখন ডাক্তার বলেছেন, হাম রোগের লক্ষণ আছে। ঢাকায় চলে যান জরুরি ভিত্তিতে। এখানে থাকলে চিকিৎসা ভালো হবে না।’
বরিশাল থেকে আসা কবির মিয়া অসুস্থ সন্তান নিয়ে ৫ হাসপাতালে ঘুরেছেন ২০ দিন ধরে। চাঁদপুরের শিউলি আর নোয়াখালীর হালিমাও জেলা হাসপাতালে চিকিৎসা না পেয়ে আসেন ঢাকায়। হাসপাতালের বেশিরভাগ রোগীই মফস্বলের। রোগীর স্বজনদের অভিযোগ বেশিরভাগ জেলা ও উপজেলা হাসপাতাল থেকে ঢাকায় পাঠিয়ে দেয়া হচ্ছে রোগীদের।
রোগীর চাপ বাড়লেও সেবা দিতে হাসপাতাল প্রস্তুত বলে জানান ডিএনসিসি হাসপাতালের পরিচালক লতিফা রহমান। জেলা কিংবা উপজেলা হাসপাতালে একই পদমর্যাদার চিকিৎসক থাকার পরও গণহারে ঢাকায় রেফার্ড করা হচ্ছে কিনা তদন্তের আহ্বান জানান তিনি।