ভারতের রাজস্থানে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস ট্রেনে চলন্ত অবস্থায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ট্রেনের একটি শীতাতপ নিয়ন্ত্রিত বগিতে আগুন ধরে যায়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে জানা গেছে, রবিবার (১৭ মে) ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সময়মতো ব্যবস্থা নেওয়ায় সব যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
একজন রেল কর্মকর্তা জানান, বি-১ নম্বর বগিতে মোট ৬৮ জন যাত্রী ছিলেন। ভোর ৫টা ১৫ মিনিটের দিকে কোটা জেলার বিক্রমগড় আলোত স্টেশনের কাছে ট্রেনটিতে আগুন লাগে।
ঘটনার পরপরই ওই বগিটিকে অন্য অংশ থেকে বিচ্ছিন্ন করা হয় এবং বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়, যাতে আগুন ছড়িয়ে না পড়ে।
প্রত্যক্ষদর্শীদের ভিডিওতে দেখা যায়, আগুন লাগা বগি থেকে ঘন কালো ধোঁয়া উঠছে। এ সময় আশপাশের কিছু গাছে আগুন ছড়িয়ে পড়ার দৃশ্যও দেখা যায়।
দ্রুত যাত্রীদের ওই বগি থেকে অন্য বগিতে স্থানান্তর করা হয়। পরে তাদের কোটা স্টেশনে নেওয়ার পরিকল্পনা নেওয়া হয় এবং সেখানে বিকল্প ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। দুর্ঘটনাকবলিত বগির পরিবর্তে নতুন বগি সংযুক্ত করা হবে। জানা গেছে, ১২৪৩১ নম্বর রাজধানী এক্সপ্রেস ট্রেনটি গত শুক্রবার কেরালার তিরুবনন্তপুরম থেকে যাত্রা শুরু করে। ট্রেনটির রোববার দুপুর ১২টা ৩০ মিনিটে দিল্লির নিজামউদ্দিন রেলস্টেশনে পৌঁছানোর কথা ছিল।