জনগণের আস্থা অর্জনে গণমাধ্যম গুরুত্বপূর্ণ অংশীদার বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম।
রবিবার (১৭ মে) সকাল ১১টায় চট্টগ্রামের নাসিরাবাদে পুলিশ সুপারের কার্যালয়ে কনফারেন্স রুমে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এ মন্তব্য করেন।
তিনি বলেন, জনগণের আস্থা অর্জনে গণমাধ্যম গুরুত্বপূর্ণ অংশীদার। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা পালন করে।
মো. মাসুদ আলম বলেন, চট্টগ্রাম জেলা পুলিশ সবসময় গণমাধ্যমকর্মীদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে আগ্রহী এবং তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের মাধ্যমে অপরাধ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকদের সহযোগিতার চায় পুলিশ বিভাগ।
সভায় পুলিশ সুপার চট্টগ্রাম জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম, জনবান্ধব পুলিশিং এবং আধুনিক প্রযুক্তিনির্ভর সেবার বিষয়ে তার কর্মপরিকল্পনা তুলে ধরেন।
সভায় উপস্থিত সাংবাদিকরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত, পরামর্শ ও প্রত্যাশার কথা তুলে ধরেন। পুলিশ সুপার সেগুলো গুরুত্বসহকারে শোনেন এবং পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে জনস্বার্থে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।