কুমিল্লার মুরাদনগর উপজেলার গোমতী নিউ মার্কেটের প্রধান গলিতে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল রেখে পথচারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এতে প্রতিদিন মার্কেটে আসা ক্রেতা ও সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
সংশ্লিষ্টদের অভিযোগ, গোমতী নিউ মার্কেটের মেইন গলিতে অবস্থিত নিউ জনতা বেডিং অ্যান্ড বেবি স্টোর, আল করিম বেডিং স্টোর অ্যান্ড তুলার মিল ও মায়ের দোয়া বেডিং স্টোরসহ আরও কিছু দোকানদার তাদের ব্যবসায়িক মালামাল দোকানের সামনে ও গলির ওপর রেখে সাধারণ মানুষের চলাচলের পথ সংকুচিত করে ফেলেছেন। ফলে মার্কেটে আসা ক্রেতাদের চলাচলে প্রতিনিয়ত বিঘ্ন ঘটছে। বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের চলাফেরায় বেশি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
স্থানীয় ব্যবসায়ী ও বাজার পরিচালনা কমিটির দায়িত্বে থাকা খলিলুর রহমান (খলিল) জানান, আমি একাধিকবার সংশ্লিষ্ট দোকান মালিকদের পথ দখল করে মালামাল না রাখতে অনুরোধ করেছি। কিন্তু তারা বিষয়টি গুরুত্ব দেননি।
এ বিষয়ে মার্কেটে আগত ক্রেতা ও সাধারণ মানুষের দাবি, গোমতী নিউ মার্কেটের প্রধান গলিটি দ্রুত দখলমুক্ত করে অবাধ চলাচলের উপযোগী করা হোক। একই সঙ্গে তারা এ সমস্যা সমাধানে স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।