টুর্নামেন্টে খেলতে পারেনি ববি, শারীরিক শিক্ষা কর্মকর্তা বরখাস্ত

আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ফুটবল টিমকে অসহযোগীতা ও দায়িত্বে অবহেলার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের উপপরিচালক সেলিনা বেগমকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রবিবার (১৭ মে) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।

আদেশে বলা হয়, শারীরিক শিক্ষা দপ্তরের উপপরিচালক সেলিনা বেগমের বিরুদ্ধে ১৪ মে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এ অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কেন্দ্রীয় ফুটবল টিমের খেলোয়ারদের সুনির্দিষ্ট অভিযোগপত্রের পরিপ্রেক্ষিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮ মোতাবেক  কর্তব্য অবহেলার বিষয়ে সুষ্ঠুভাবে তদন্তের লক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি মোতাবেক খোরাকীভাতা পাবেন।

বিশ্ববিদ্যালয় জানায়, ১৩ এপ্রিল আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল খেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিপক্ষে মাঠে উপস্থিত হয়েও খেলা থেকে বাদ পড়ে বরিশাল বিশ্ববিদ্যালয়। শারীরিক শিক্ষা দপ্তরের এই কর্মকর্তার অসহযোগিতা ও দায়িত্ব অবহেলার কারণে ঢাবির বিপক্ষে অংশগ্রহণ করতে পারেনি বরিশাল বিশ্ববিদ্যালয় ফুটবল টিম। চট্টগ্রাম থেকে ফিরে বিশ্ববিদ্যালয়ে এসে গত ১৪ মে ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় ও  বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শারীরিক শিক্ষা দপ্তরের এই কর্মকর্তাকে ছয় ঘণ্টার মধ্যে বরখাস্তের লিখিত দাবি জানায়৷