ঢাবির ৪ শিক্ষক বরখাস্ত, ছাত্রী হলের গেট বন্ধ রাত ১১টায়

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী হলগুলোর গেট বন্ধের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে রাত ১১টায় হলের গেট বন্ধ হবে। এত দিন রাত ১০টায় গেট বন্ধ করা হতো।

সোমবার (৩১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এ তথ্য জানান।

এদিকে জুলাই গণ-অভ্যুত্থানে বিরোধিতার অভিযোগে তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাঁরা হলেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক এম ওয়াহিদুজ্জামান চাঁন, অধ্যাপক মুহাম্মদ মাহবুবুর রহমান এবং সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মশিউর রহমান।

বিশ্ববিদ্যালয়ের গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন সাময়িক বরখাস্ত হওয়া দুই শিক্ষক। অধ্যাপক মশিউর রহমান বলেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন এবং আন্দোলনের সময় তিনি শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো বক্তব্য দেননি। অধ্যাপক মুহাম্মদ মাহবুবুর রহমানও দাবি করেন, জুলাই আন্দোলনে তিনি শিক্ষার্থীদের পক্ষেই ছিলেন।

অন্যদিকে নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা পূরণ না করার অভিযোগে সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক মো. জিয়াউর রহমানকে (সায়েম রানা) সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জিয়াউর রহমান ইসলামিক স্টাডিজে স্নাতক ও স্নাতকোত্তর এবং সংগীত বিষয়ে এমফিল ও পিএইচডি করেছেন। তবে সংগীত বিভাগে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিতে সংগীত বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি বাধ্যতামূলক ছিল।

সর্বশেষ সর্বাধিক পঠিত