নারায়ণগঞ্জে র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জ শহরের আল্লামা ইকবাল রোড থেকে শুরু করে গলাচিপা রূপার বাড়ি এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

রবিবার (১৭ মে) বিকালে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতরা হলো- মনির হোসেনের ছেলে সাব্বির, বারেক হাওলারের ছেলে আলম ও মনির মিয়ার ছেলে রাব্বি। তারা চিহ্নিত মাদক বিক্রেতা বলে জানিয়েছে র‍্যাব।

এদিকে র‍্যাবের অভিযানের পর বিক্ষুব্ধ এলাকাবাসী মাদক বিক্রির আস্তানায় আগুন ধরিয়ে দেয়।

অভিযানে নেতৃত্ব দেয়া র‍্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার আল মাসুদ খান জানান, মাদক বিক্রিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পেয়ে র‍্যাব অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।