অর্থনৈতিক সংকটের কারণে যখন এক শিক্ষার্থীর উচ্চশিক্ষার স্বপ্ন থমকে যাওয়ার উপক্রম, ঠিক তখনই মানবিকতার হাত বাড়িয়ে দিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও সাবেক জবি শিক্ষার্থী মো. কাজী জিয়া উদ্দিন বাসিত।
রবিবার (১৭ মে) সিদ্ধেশ্বরী কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ম্যানেজমেন্ট বিভাগে ভর্তিচ্ছু এক শিক্ষার্থীর ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হয় তার সহযোগিতায়।
জানা গেছে, আর্থিক সংকটের কারণে ওই শিক্ষার্থীর পরিবার ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় খরচ বহন করতে হিমশিম খাচ্ছিল। ফলে উচ্চশিক্ষায় ভর্তির স্বপ্ন অনিশ্চয়তার মুখে পড়ে। বিষয়টি স্থানীয় শিক্ষার্থী ও সহপাঠীদের মাধ্যমে জানতে পারেন ছাত্রদল নেতা মো. কাজী জিয়া উদ্দিন বাসিত।
পরে তিনি ব্যক্তিগত উদ্যোগে শিক্ষার্থীর পাশে দাঁড়িয়ে ভর্তি কার্যক্রম সম্পন্নের জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করেন। তার এই সহযোগিতায় শিক্ষার্থীটি নতুন করে উচ্চশিক্ষা চালিয়ে যাওয়ার সুযোগ পায়।
সহায়তা পাওয়া শিক্ষার্থী ও তার পরিবার আবেগাপ্লুত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, অর্থ সংকটের কারণে ভর্তি নিয়ে চরম দুশ্চিন্তায় ছিলেন তারা। হঠাৎ এমন সহযোগিতা তাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে।
সচেতন মহল বলছেন, সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোই ছাত্ররাজনীতির প্রকৃত সৌন্দর্য। বর্তমান সময়ে অনেক মেধাবী শিক্ষার্থী অর্থাভাবে উচ্চশিক্ষা থেকে ঝরে পড়ছে। সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও সংগঠনগুলো এগিয়ে এলে শিক্ষার্থীদের স্বপ্ন পূরণ সহজ হবে।
শিক্ষার্থীদের সহায়তায় ছাত্রদলের এমন মানবিক উদ্যোগ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমেও ইতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। অনেকে মনে করছেন, রাজনৈতিক সংগঠনগুলোর এ ধরনের শিক্ষাবান্ধব ও মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেয় এবং তরুণদের মাঝে নতুন আশার সঞ্চার করে।