উচ্চশিক্ষা শেষে নারী শিক্ষার্থীদের কর্মসংস্থান ও স্বাবলম্বী হওয়ার সুযোগ বাড়াতে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ চৌধুরী। উইমেন স্কলার্স নেটওয়ার্কের (ডব্লিউএসএন) জন্য বিশ্ববিদ্যালয়গুলোর প্রস্তাবে নারীর কর্মসংস্থান ও নেতৃত্বের সুযোগ তৈরির বাস্তব পরিকল্পনা রাখার ওপরও তিনি গুরুত্ব দেন।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে ডব্লিউএসএন গঠনে প্রস্তাব আহ্বানবিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ইউজিসির বাস্তবায়নাধীন হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্প কর্মশালাটির আয়োজন করে। এতে ৪০টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মনোনীত নারী শিক্ষক এবং ইউজিসি ও হিট প্রকল্পের কর্মকর্তারা অংশ নেন।
শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব শাহিনা পারভীন বলেন, নারীদের চাকরির উপযোগী দক্ষতা ও পেশাগত যোগাযোগ গড়ে তুলতে নেটওয়ার্কটি ভূমিকা রাখতে পারে। নারীর আর্থিক স্বাধীনতার পাশাপাশি কর্মক্ষেত্রে বৈষম্য দূর করার আলোচনায় পুরুষ সহকর্মীদেরও যুক্ত করার আহ্বান জানান তিনি।
হিট প্রকল্পের উপপ্রকল্প পরিচালক অধ্যাপক ড. নাজমিন আফরোজ জানান, নারী শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণা, প্রকাশনা, নেতৃত্ব এবং কর্মসংস্থানের সুযোগ বাড়াতে নেটওয়ার্ক গঠন করা হবে। প্রতিযোগিতার মাধ্যমে একটি নেটওয়ার্ক হাব ও ২০টি নেটওয়ার্ক নোড নির্বাচন করা হবে। হাব সর্বোচ্চ ৪ কোটি টাকা এবং প্রতিটি নোড সর্বোচ্চ ১ কোটি টাকা অনুদান পেতে পারে।
কর্মশালায় প্রস্তাব তৈরি ও মূল্যায়ন, বাজেট, ক্রয়প্রক্রিয়া এবং পরিবেশগত ও সামাজিক সুরক্ষা নিয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারীরা প্রস্তাব তৈরি, প্রয়োজনীয় নথি সংযুক্তি এবং অনলাইনে জমা দেওয়ার ধাপও অনুশীলন করেন।