মাদারীপুরের শিবচরে সাংবাদিক পরিচয় ব্যবহার করে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ ফারুক (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে চোরাই সন্দেহে তিনটি পিকআপ উদ্ধার করা হয়েছে।
রবিবার (১৭ মে) দুপুর ৩টার দিকে উপজেলার মাদবরের চর ইউনিয়নের ভ্যালি ব্রিজ এলাকায় অতিরিক্ত পুলিশ সুপার (শিবচর সার্কেল) সালাউদ্দিন কাদেরের নেতৃত্বে শিবচর থানা-পুলিশ অভিযান চালিয়ে তাঁকে আটক করে।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া তিনটি পিকআপের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি ফারুক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব যানবাহন চুরি করা।
আটক ফারুক খুলনার তেরখাদা উপজেলার বাসিন্দা হলেও তিনি দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে শিবচরের ভ্যালি ব্রিজ এলাকায় বসবাস করে আসছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ মে দিবাগত রাত ৪টা থেকে ৫টার মধ্যে রাজৈর এলাকা থেকে একটি পিকআপ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হলে পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই পিকআপ উদ্ধারসহ ফারুককে আটক করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন কাদের জানান, ‘উদ্ধার হওয়া আরও দুটি পিকআপেরও বৈধ কাগজপত্র নেই। এগুলোও চোরাই হতে পারে বলে ধারণা করা হচ্ছে।’
তিনি আরও জানান, ফারুক স্থানীয়দের কাছে নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিতেন। তবে তিনি প্রকৃতপক্ষে কোনো গণমাধ্যমের সঙ্গে যুক্ত কিনা, তা যাচাই করা হচ্ছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, সাংবাদিক পরিচয় ব্যবহার করে গাড়ি চুরি, গরু ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে তাঁর সংশ্লিষ্টতা থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পুলিশ আরও জানায়, ফারুক পেশায় একজন গাড়ির মিস্ত্রি। তাঁর ব্যবহৃত একটি গাড়িতে ‘সাংবাদিক’ স্টিকার লাগানো ছিল। তিনি বর্তমানে দুই স্ত্রী নিয়ে বসবাস করছেন।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।