হজের আগে হেরা কালচারালে হজযাত্রীদের ভিড়

হজের মৌসুম চলছে। বেশিরভাগ হজযাত্রীই সৌদি চলে গেছেন। হজের মূল কাজের আগে তারা সৌদির বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখছেন। সবচেয়ে বেশি ভিড় করছেন মক্কায় অবস্থিত হেরা কালচারাল ডিস্ট্রিক্টে।

সৌদি প্রেস এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, ইসলামি ঐতিহ্য, ওহির ইতিহাস এবং মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনী সম্পর্কে জানার আগ্রহ থেকেই হজযাত্রীরা হেরা কালচারাল ডিস্ট্রিক্টে ভ্রমণ করছেন। আর হজ মৌসুমকে সামনে রেখে কর্র্তৃপক্ষ দর্শনার্থীদের জন্য বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন ও আধুনিক উপস্থাপনার ব্যবস্থা করেছে।

হেরা কালচারাল ডিস্ট্রিক্টের অন্যতম প্রধান আকর্ষণ হলো পবিত্র কোরআন জাদুঘর। এটিই প্রথম জাদুঘর, যা সম্পূর্ণভাবে পবিত্র কোরআনের ইতিহাস এবং এর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে।

এখানে দর্শনার্থীরা অত্যন্ত বিরল ও প্রাচীন পাণ্ডুলিপি এবং ঐতিহাসিক প্রতœতাত্ত্বিক নিদর্শন দেখার সুযোগ পাচ্ছেন। আধুনিক ডিজিটাল ডিসপ্লে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কোরআনের শাশ^ত বাণী এবং এর সংকলনের দীর্ঘ ইতিহাসকে এখানে দর্শনার্থীদের সামনে অত্যন্ত আকর্ষণীয়ভাবে ফুটিয়ে তোলা হয়েছে।

হেরা কালচারাল ডিস্ট্রিক্টের আরেকটি বিশেষ দিক হলো, ওহি প্রদর্শনী। এখানে অত্যাধুনিক অডিও এবং ভিজ্যুয়াল প্রযুক্তি ব্যবহার করে হেরা গুহায় ওহি অবতরণের ঐতিহাসিক প্রেক্ষাপট ও বিভিন্ন পর্যায়গুলো দেখানো হচ্ছে।

এই ইন্টারঅ্যাক্টিভ অভিজ্ঞতার মাধ্যমে দর্শনার্থীরা ইসলামের সূচনালগ্নের সেই পরিবেশ সম্পর্কে সরাসরি অনুধাবন করতে পারছেন। ওহি অবতরণের এই বর্ণনায় পবিত্র কোরআনের সুরা আলাকের ১ থেকে ৫ নম্বর আয়াতের প্রেক্ষাপট ও গুরুত্ব এখানে বিশেষভাবে উপস্থাপন করা হয়।

এ ছাড়া এই সাংস্কৃতিক কেন্দ্রে নিয়মিত বিভিন্ন ধরনের শিক্ষামূলক কর্মশালা, সাংস্কৃতিক কর্মসূচি এবং বিশেষ মৌসুমি অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা এটিকে একটি প্রাণবন্ত জ্ঞানচর্চার কেন্দ্রে পরিণত করেছে।