সোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) পক্ষ থেকে টেলিভিশন সাংবাদিকদের জন্য ‘অনাপত্তিপত্র’ (এনওসি) বাধ্যতামূলক করে জারি করা বিজ্ঞপ্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম (এসআরএফ)। সংগঠনটির পক্ষ থেকে এই সিদ্ধান্তকে সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা খর্ব করার একটি একতরফা চেষ্টা হিসেবে অভিহিত করা হয়েছে।
সোমবার (১৮ মে) সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি মাসউদুর রহমান রানা ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডালিম যৌথভাবে দেওয়া এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে এসআরএফ নেতারা উল্লেখ করেন, সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের নিজস্ব যোগ্যতা অনুযায়ী কর্মস্থল পরিবর্তন এবং স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের অধিকার দেশের সংবিধান দ্বারা স্বীকৃত। কোনো সংগঠন বা মালিকপক্ষ একতরফাভাবে এনওসি বাধ্যতামূলক করার মতো নিয়ম জারি করে সাংবাদিকদের এই সাংবিধানিক অধিকার ও পেশাগত স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারে না।
শ্রম আইনের প্রসঙ্গ টেনে সংগঠনটির নেতারা বলেন, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী কোনো কর্মীর চাকরি পরিবর্তনের ক্ষেত্রে এই ধরনের কোনো বাধ্যবাধকতা বা শর্ত আরোপ করার সুযোগ নেই। শ্রম আইনের সঙ্গে সাংঘর্ষিক এবং কর্মীর মৌলিক অধিকারকে সীমিত করে এমন যেকোনো শর্তই পুরোপুরি বেআইনি ও অগ্রহণযোগ্য। ফলে অ্যাটকোর এই নির্দেশনা প্রচলিত দেশের শ্রম আইনের স্পষ্ট পরিপন্থি।
বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের সিদ্ধান্ত গণমাধ্যমে একটি স্বাধীন ও পেশাদার কর্মপরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াবে। এটি সাংবাদিকদের মনে ভয়, অনিশ্চয়তা ও পেশাগত অস্থিরতা তৈরি করবে, যা মুক্ত গণমাধ্যম চর্চা এবং স্বাধীন সাংবাদিকতার জন্য একটি বড় হুমকি।
এসআরএফ নেতৃবৃন্দ মুক্ত গণমাধ্যমের স্বার্থে অবিলম্বে এই বিতর্কিত নির্দেশনা প্রত্যাহারের জোর দাবি জানান। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত স্বাধীনতাবিরোধী যেকোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া থেকে সংশ্লিষ্ট সবাইকে বিরত থাকার আহ্বান জানান।