ছিনতাইকারীর হামলায় রক্তাক্ত রঞ্জিতা

‘ঢাকা ৮৬’খ্যাত ঢালিউডের সিনিয়র নায়িকা রঞ্জিতা রাজধানীতে ছিনতাইকারীর কবলে পড়ে গুরুতর আহত হয়েছেন। ছিনতাইকারীদের হামলায় তার কানে সাতটি সেলাই দিতে হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। 

রবিবার (১৭ মে) মধ্যরাতে রঞ্জিতার একগুচ্ছ ছবি ফেসবুকে শেয়ার করে সনি জানান, চিত্রনায়িকা রঞ্জিতা বিএফডিসি থেকে রামপুরার বাসায় ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়েন এবং ভীষণভাবে আহত হন। ছিনতাইকারীরা তার ওপর হামলা চালালে কানের লতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। 

এরপর রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত রামপুরা বেটার লাইফ হাসপাতালে নেওয়া হয়। সেখানে ইমারজেন্সি চিকিৎসা শেষে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।সনি আরও জানান, অভিনেত্রী রঞ্জিতার কানে ৭টি সেলাই দিতে হয়েছে। সবশেষে অভিনেত্রীর দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন সনি রহমান।