পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলামের অপসারণ দাবিতে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের চলমান আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস।
আন্দোলনের অষ্টম দিন ও ষষ্ঠ কার্যদিবসে সোমবার (১৮ মে) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা ।
আন্দোলনকারীরা উপাচার্য ড. কাজী রফিকুল ইসলামের পদত্যাগ দাবি পুনর্ব্যক্ত করে তাকে ক্যাম্পাসে প্রবেশ করতে না দেওয়ার ঘোষণা দেন।
বক্তারা অভিযোগ করেন, বহিরাগত সন্ত্রাসীদের মদদদাতা হিসেবে অভিযুক্ত উপাচার্যকে কোনোভাবেই ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হবে না। তারা বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট নিরসনে প্রশাসনের কার্যকর পদক্ষেপ না থাকার সমালোচনা করে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
সমাবেশে বক্তব্য রাখেন প্রফেসর ড. এবিএম সাইফুল ইসলাম , ডেপুটি রেজিস্ট্রার আবু বক্কর ছিদ্দিক, সহকারী রেজিস্ট্রার মো. শহিদুল ইসলাম মৃধা ও ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সোহেল রানা জনি প্রমুখ।
চলমান কর্মসূচির কারণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পুরোপুরি স্থবির হয়ে পড়েছে। গুরুত্বপূর্ণ দপ্তরগুলো বন্ধ থাকায় শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের দুর্ভোগে পড়েছেন। বিভিন্ন সেবা কার্যক্রম ব্যাহত হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগও দেখা দিয়েছে।
তবে উদ্ভূত পরিস্থিতি ও আন্দোলন নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলামের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কল রিসিভ না করায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।