পবিপ্রবিতে চালু হচ্ছে হেলথ সায়েন্স অনুষদ

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০১:৩২ পিএম

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) নতুন করে যুক্ত হচ্ছে হেলথ সায়েন্স অনুষদ। বিশ্ববিদ্যালয়ের ৫৮তম রিজেন্ট বোর্ড সভায় ফ্যাকাল্টি অব হেলথ সায়েন্স অনুষদ প্রতিষ্ঠার প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়েছে।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ড. রাহাত মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রস্তাবিত এ অনুষদের অধীনে প্রাথমিকভাবে তিনটি বিভাগ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভাগগুলো হলো ফিজিওথেরাপি, ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস ও নার্সিং অ্যান্ড হেলথ সায়েন্স।

এবিষয়ে পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদন পাওয়ার পর পরবর্তী প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা জানান, হেলথ সায়েন্স অনুষদ চালু হলে স্বাস্থ্য বিজ্ঞানভিত্তিক উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ বাড়বে। পাশাপাশি দক্ষিণাঞ্চলের শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার ক্ষেত্র তৈরি হবে।

বর্তমানে পবিপ্রবিতে কৃষি, মৎস্য বিজ্ঞান, ভেটেরিনারি, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান, ব্যবসায় প্রশাসন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, আইন ও ভূমি প্রশাসন, পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা, ইঞ্জিনিয়ারিং এবং সমুদ্র বিজ্ঞানসহ মোট ১০টি অনুষদ রয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত