প্রত্যন্ত হাওরের পুত্রবধূ থেকে লন্ডনের কাউন্সিলর শামীমা

নেত্রকোনার প্রত্যন্ত হাওরাঞ্চলের পুত্রবধূ শামীমা নাসরিন সুদূর যুক্তরাজ্যের লন্ডনে কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন। লন্ডনের লিটল ইলফোর্ড ওয়ার্ডে নিউহাম ইন্ডিপেন্ডেন্ট পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে গত ৭ মে অনুষ্ঠিত নির্বাচনে তিনি বিজয়ী হন।

এই সাফল্যের খবর নেত্রকোনার মদন উপজেলার হাওরপাড়ের মানুষের মাঝে ব্যাপক আনন্দ ও উদ্দীপনা সৃষ্টি করেছে। শামীমা নাসরিন মদন পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের মদন পূর্বপাড়ার বাসিন্দা আরিফুর রহমানের স্ত্রী।

তার পরিবার জানায়, শামীমা নাসরিন টাঙ্গাইল শহরের আদালতপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি বিশিষ্ট ব্যবসায়ী ও হালিম ফার্নিচারের স্বত্বাধিকারী আব্দুস সালাম খান (হালিম) এবং মোর্শেদা খানম (শাহিন) দম্পতির একমাত্র মেয়ে। তাদের পৈতৃক নিবাস টাঙ্গাইলের বড় বাশালিয়া গ্রামে। ২০২৪ সালে মদন পৌরসভার বাসিন্দা মো. গোলাম মাওলা খানের ছেলে আরিফুর রহমান খানের সঙ্গে শামীমা নাসরিন বিয়ে হয়।

শামীমা নাসরিনের ভাতিজা আরাফাত খান আনন্দ প্রকাশ করে বলেন, শামীমা নাসরিন আমার চাচি। তিনি লন্ডনে কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন শুনে আমাদের এলাকার সর্বস্তরের মানুষ অত্যন্ত আনন্দিত। এটি আমাদের পুরো অঞ্চলের জন্য অত্যন্ত গর্বের একটি বিষয়।