নেত্রকোনায় ভারতীয় টায়ার জব্দ, আটক ১

আপডেট : ২৯ জুলাই ২০২৬, ০৫:৪৬ পিএম

নেত্রকোনার বারহাট্টায় ভারতীয় এমআরএফ কোম্পানির মোটরসাইকেলের টায়ার বহনকারী একটি সিএনজিচালিত অটোরিকশাসহ চালককে আটক করেছে পুলিশ।

বুধবার (২৯ জুলাই) দুপুরে খবর পেয়ে বারহাট্টা থানা-পুলিশ উপজেলার চিরাং ইউনিয়নের নৈহাটি বাজার থেকে স্থানীয়দের হাতে আটক টায়ারবোঝাই সিএনজিচালিত অটোরিকশা ও এর চালককে থানায় নিয়ে যায়।

এর আগে সকালে সিএনজিচালিত অটোরিকশাযোগে টায়ারগুলো নেত্রকোনার দিকে নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা যানটি আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলের টায়ারসহ সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করে এবং চালক আকিকুল ইসলামকে (৩৫) আটক করে থানা হেফাজতে নেয়। তিনি সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার চামারজানি বলরামপুর গ্রামের বাসিন্দা।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম জানান, ভারতীয় নামীদামী এমআরএফ কোম্পানির টায়ার সিএনজিচালিত অটোরিকশায় করে পাচার করা হচ্ছিল। টায়ারগুলো ধর্মপাশা থেকে নেত্রকোনায় নেওয়া হচ্ছিল। স্থানীয়দের সন্দেহ হলে তারা অটোরিকশাটির গতিরোধ করে চালককে জিজ্ঞাসাবাদ করেন এবং আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলের ৪২টি এবং সিএনজির ৩টিসহ মোট ৪৫টি টায়ার উদ্ধার করে। একই সঙ্গে টায়ার বহনকারী সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ এবং চালককে আটক করা হয়। উদ্ধার হওয়া প্রতিটি টায়ারের বাজারমূল্য প্রায় ৩ হাজার ৫০০ টাকা। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চালক জানিয়েছেন, অটোরিকশাটিতে প্রায় ৮০টি টায়ার ছিল। স্থানীয়রা আটকের সময় ৩৫টি টায়ার নিয়ে গেছে বলে তিনি দাবি করেছেন। সেগুলো উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে এই পাচারের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।

উল্লেখ্য, নেত্রকোনার কলমাকান্দা ও দুর্গাপুর সীমান্ত ছাড়াও জেলার বারহাট্টা উপজেলা দিয়েও চোরাচালান সংঘটিত হয়ে থাকে। সুনামগঞ্জ হয়ে ধর্মপাশা-বারহাট্টার নৈহাটি রুট ব্যবহার করে বিভিন্ন স্থানে এসব পণ্য পাচার করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত