সুন্দরবনের কাঁকড়া আহরণের সময় বনবিভাগের সদস্যদের গুলিতে আমিনুর রহমান গাজী নামে এক জেলে নিহত হয়েছেন। সোমবার (১৮ মে) সকাল ৭টার দিকে পশ্চিম সুন্দরবনের খুলনা রেঞ্জের নলিয়ান স্টেশনের বাটলো এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আমিনুর রহমান (৪৫) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯নম্বর সোরা এলাকার আকসেদ গাজীর ছেলে।
আমিনুর রহমানের সঙ্গে থাকা জেলেদের দাবি, সকালে তারা শতমুখি খালে কাঁকড়া ধরার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় বনবিভাগের খুলনা স্মার্ট পেট্রোল টিম তাদের নৌকাকে লক্ষ্য করে সংকেত দেয়। তবে জেলেরা তাৎক্ষণিকভাবে কাছে না গেলে বনকর্মীরা গুলি ছুড়লে আমিনুর রহমান গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
এবিষয়ে গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম জানান, ঘটনার বিষয়ে তিনি খুলনার বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও), সাতক্ষীরার সহকারী বন সংরক্ষক (এসিএফ), শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং স্থানীয় থানায় জানানো হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সঠিক তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন।
এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান,বনজীবীর গুলিতে নিহত হওয়ার খবরে বন বিভাগের কার্যালয়ে নিহতের স্বজনসহ এলাকাবাসী হামলা চালাচ্ছে এমন খবরে সেখানে এসআই অনিরুদ্ধের নেতৃত্বে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। পরিস্থিতি উত্তপ্ত রয়েছে।
এবিষয়ে জানতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তাকে বারবার ফোন দিলেও তিনি কল রিসিভ করেননি।