অস্ট্রিয়ার চলচ্চিত্র উৎসবে যাচ্ছে ‘রইদ’

বিশ্বের চলচ্চিত্র দরবারে আরও এক ধাপ এগিয়ে গেল পরিচালক মেজবাউর রহমান সুমনের সিনেমা ‘রইদ’-এর মাধ্যমে। দেশীয় লোকজ সংস্কৃতি, মানবিক আবেগ ও মাটির গল্পকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমাটি এবার নির্বাচিত হয়েছে অস্ট্রিয়ার মর্যাদাপূর্ণ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ইনসব্রুক (আইএফএফআই)-এর অফিসিয়াল প্রোগ্রামে। 

এর আগে সিনেমাটি আন্তর্জাতিক চলচ্চিত্রমহলে আলোচনায় আসে রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (আইএফএফআর) ও সিয়াটল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (এসআইএফএফ)-এ প্রদর্শিত হওয়ার মাধ্যমে। সেই ধারাবাহিকতায় এবার ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ স্বাধীন চলচ্চিত্র উৎসব আইএফএফআইতে জায়গা পাওয়াকে বড় অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। 

জানা গেছে, ‘রইদ’ উৎসবটির অডিয়েন্স কম্পিটিশন বিভাগে প্রদর্শিত হবে। আগামী ২ জুন রাত ৯টা ১৫ মিনিট এবং ৩ জুন রাত ৯টা ২৫ মিনিটে অস্ট্রিয়ার ইনসব্রুক শহরে সিনেমাটির দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইউরোপের জনপ্রিয় পর্যটন ও শীতকালীন ক্রীড়া নগরী হিসেবে পরিচিত ইনসব্রুক। ১৯৬৪ ও ১৯৭৬ সালের শীতকালীন অলিম্পিকও অনুষ্ঠিত হয়েছিল এই শহরে।