পঞ্চমবার বিশ্বকাপ খেলতে যাচ্ছেন লুকা মদ্রিচ, ঘোষণা হলো ক্রোয়েশিয়া দল

প্রত্যাশামতোই অভিজ্ঞ মিডফিল্ডার লুকা মদ্রিচকে রেখেই ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ক্রোয়েশিয়া। এর মাধ্যমে নিজের ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপ খেলতে যাচ্ছেন ৪০ বছর বয়সী এই রিয়াল মাদ্রিদ কিংবদন্তি (বর্তমানে এসি মিলান)।

সোমবার দল ঘোষণা করেন ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচ। এই দলে মদ্রিচের পাশাপাশি রাখা হয়েছে আরেক অভিজ্ঞ তারকা ইভান পেরিসিচকে, যিনি গত তিনটি বিশ্বকাপেই দেশের হয়ে গোল করার কীর্তি গড়েছেন।

গত মাসে এসি মিলানের হয়ে খেলার সময় গালে চোট পেয়েছিলেন ক্রোয়াট অধিনায়ক মদ্রিচ। তবে চোট কাটিয়ে আগামী ১৭ জুন ইংল্যান্ডের বিপক্ষে ক্রোয়েশিয়ার বিশ্বকাপ অভিযান শুরুর আগেই তিনি সম্পূর্ণ ফিট হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। ‘গ্রুপ এল’-এ ক্রোয়েশিয়ার বাকি দুই প্রতিপক্ষ হলো পানামা ও ঘানা।

২০০৬ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হওয়া মদ্রিচ ক্রোয়েশিয়ার ইতিহাসের সবচেয়ে বেশি ম্যাচ খেলা খেলোয়াড় (১৯৬ ম্যাচ)। আসন্ন বিশ্বকাপেই তাঁর সামনে সুযোগ থাকছে আন্তর্জাতিক ম্যাচে ২০০ ক্যাপের মাইলফলক স্পর্শ করার। এর আগে ২০১৮ সালে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর একচ্ছত্র আধিপত্য ভেঙে ব্যালন ডি'অর জিতেছিলেন এই মিডফিল্ডার।

অভিজ্ঞতায় ঠাসা দালিচের এই দলে আরও আছেন গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ, ডিফেন্ডার ইয়োশকো গভার্দিওল, মিডফিল্ডার মাতেও কোভাচিচ, মারিও পাসালিচ এবং ফরোয়ার্ড আন্দ্রে ক্রামারিচ। ২০১৮ বিশ্বকাপের ফাইনালিস্ট এবং ২০২২ বিশ্বকাপের তৃতীয় স্থান অধিকারী ক্রোয়েশিয়া এবারও অভিজ্ঞ ও তরুণদের সমন্বয়ে শক্তিশালী দল গঠন করেছে।

ক্রোয়েশিয়ার ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড:

  • গোলরক্ষক: ডমিনিক লিভাকোভিচ, ডমিনিক কোতারস্কি, ইভোর পান্দুর।

  • ডিফেন্ডার: ইয়োশকো গভার্দিওল, দুয়ে চালেতা-কার, ইয়োসিপ শুতালো, ইয়োসিপ স্তানিসিচ, মারিন পনগ্রাচিচ, মার্তিন এরলিচ, লুকা ভুশকোভিচ।

  • মিডফিল্ডার: লুকা মদ্রিচ, মাতেও কোভাচিচ, মারিও পাসালিচ, নিকোলা ভ্লাসিচ, লুকা সুচিচ, মার্তিন বাতুরিনা, ক্রিস্তিয়ান ইয়াকিচ, পেতার সুচিচ, নিকোলা মোরো, তোনি ফ্রুক।

  • ফরওয়ার্ড: ইভান পেরিসিচ, আন্দ্রে ক্রামারিচ, আনতে বুদিমির, মার্কো পাসালিচ, পেতার মুসা, ইগর মাতানোভিচ।

স্ট্যান্ড-বাই খেলোয়াড়: লোভরো মায়ের, ফ্রানিও ইভানোভিচ, দিওন ড্রেনা বেলিয়ো, ইভান স্মোলচিচ, কার্লো লেতিতা, আদ্রিয়ান সেগেচিচ, লুকা স্তয়কোভিচ।