ম্যাজিকাল এক দশক পর ম্যানসিটির দায়িত্ব ছাড়ছেন গার্দিওলা

ফুটবল বিশ্বের অন্যতম সফল এবং ম্যানচেস্টার সিটির ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী কোচ পেপ গার্দিওলা ইতি টানছেন তার ইতিহাদ অধ্যায়ের। চলতি মৌসুম শেষেই ম্যানচেস্টার সিটির কোচের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন এই স্প্যানিশ মাস্টারমাইন্ড। গত শনিবার ওয়েম্বলিতে চেলসিকে ১-০ গোলে হারিয়ে এফএ কাপ জয়ের পর এই সিদ্ধান্ত সামনে এলো। আগামী রবিবার অ্যাস্টন ভিলার বিপক্ষে প্রিমিয়ার লিগের শেষ ম্যাচটিই হতে যাচ্ছে সিটির ডাগআউটে গার্দিওলার শেষ ম্যাচ।

২০১৬ সালে ম্যানচেস্টার সিটির দায়িত্ব নেওয়ার পর ক্লাবটিকে ফুটবলের বিশ্বমঞ্চে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন ৫৫ বছর বয়সী গাালর্দিওলা। এই ১০ বছরে সিটির ক্যাবিনেটে তিনি যোগ করেছেন ২০টি ট্রফি। যার মধ্যে রয়েছে ৬টি প্রিমিয়ার লিগ শিরোপা (যার মধ্যে টানা চারবার চ্যাম্পিয়ন হওয়ার অভূতপূর্ব রেকর্ড রয়েছে) এবং ক্লাবের ইতিহাসের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জয়। মূলত তার হাত ধরেই সিটি আজ বিশ্বের অন্যতম সেরা ফুটবল পরাশক্তিতে পরিণত হয়েছে।

গার্দিওলার চুক্তির মেয়াদ আরও এক বছর বাকি থাকলেও, এই মরশুমের পরই যে তিনি বিদায় নিতে পারেন—এমন গুঞ্জন বেশ কিছুদিন ধরেই চলছিল। স্পনসর পার্টনারদের ইতিমধ্যেই ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে বিষয়টি জানানো শুরু হয়েছে।

আগামী রবিবার ইতিহাদ স্টেডিয়ামে তার বিদায় নিশ্চিত হওয়ার পর, সোমবার ম্যানচেস্টারের রাস্তায় একটি ওপেন-টপ বাস প্যারেডের আয়োজন করা হতে পারে। যেখানে ইংলিশ ফুটবলে গুয়ার্দিওলার এই অবিস্মরণীয় অবদানকে উদযাপন করবেন সিটির সমর্থকরা। প্যারেডটি বিকেল ৪টায় ম্যানচেস্টারের নর্দার্ন কোয়ার্টার থেকে শুরু হয়ে এক ঘণ্টা পর ইতিহাদ স্টেডিয়ামের কলিন বেল স্ট্যান্ডের সামনে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। তবে ক্লাব ছাড়লেও গুয়ার্দিওলা অন্য কোনো ভূমিকায় সিটির সাথে যুক্ত থাকবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।

সিটির পরবর্তী কোচের দৌড়ে কারা?

গার্দিওলা চলে যাওয়ার পর ম্যানচেস্টার সিটির হটসিটে কে বসবেন, তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গেছে। গুয়ার্দিওলার উত্তরসূরি হিসেবে গুঞ্জনে সবচেয়ে এগিয়ে আছেন চেলসির সাবেক কোচ এনজো মারেস্কা এবং বায়ার্ন মিউনিখের বর্তমান বস ও সিটির সাবেক কিংবদন্তি অধিনায়ক ভিনসেন্ট কোম্পানি।

বিদায়ের আগে গুয়ার্দিওলার সামনে এখনো আর্সেনালকে টপকে আরও একটি প্রিমিয়ার লিগ শিরোপা জেতার সুযোগ রয়েছে।  মঙ্গলবার রাতে বোর্নমাউথের মুখোমুখি হবে সিটি, আর রবিবার ঘরের মাঠে অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে গুয়ার্দিওলার এই 'ম্যাজিকাল' এক দশক।