সিরাজদীখানে দুই স্কুলের মাঠ দখলের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার বাসাইল উচ্চ বিদ্যালয় ও উত্তর রাঙ্গামালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ হিসেবে ব্যবহৃত দানকৃত জমি দখলের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাসাইল উচ্চ বিদ্যালয় সংলগ্ন মৌলভী মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা জানান, ১৯৮৩ সালে উত্তর রাঙ্গামালিয়া এলাকার মীর ইদ্রিস আলী, মীর ইলিয়াস মিয়া, মীর ইব্রাহিম মিয়া ও মীর ইসরাফিল মিয়া বাসাইল উচ্চ বিদ্যালয়ের নামে ১ একর ৫১ শতাংশ জমি দলিলের মাধ্যমে দান করেন। পরে একই এলাকার সৈয়দ মোহাম্মদ হোসেন উত্তর রাঙ্গামালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামে আরও ৩৩ শতাংশ জমি দান করেন। দীর্ঘদিন ধরে জমিগুলো দুই বিদ্যালয়ের খেলার মাঠ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। 

বক্তারা অভিযোগ করেন, স্থানীয় মৃত শওকত আলী খানের ছেলে মাসুদ আলী খান ওরফে লাভু (৬৫) ও মারুফ আলী খান ওরফে নিপু (৬০) ওই জমি অবৈধভাবে দখলের চেষ্টা করছেন।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, এই মাঠে তারা নিয়মিত খেলাধুলা করে। মাঠটি দখল হয়ে গেলে তাদের খেলাধুলার আর কোনো স্থান থাকবে না। এ সময় শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান অভিভাবক ও এলাকাবাসী।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাসাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল জলিল, উত্তর রাঙ্গামালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মাহমুদা সুলতানা, বাসাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ মান্নিছ মিয়া, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ রুহুল আমিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম সেন্টুসহ দুই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা।