গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান বিভিন্ন ভূমি অফিসের কিছু অসাধু কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছেন, ভূমি অফিস থেকে খারিজ দেওয়ার পরও অনেক সময় তা কর্তন না করেই আরেকটি খারিজ দেওয়া হয়। এক জমি দুজনের নামে খারিজ হয় কীভাবে?
তিনি আরও বলেন, আমি এমপি হওয়ার পরও এমন একটি খারিজ পেয়েছি। একই জমি দুইবার দুইজনের নামে খারিজ করা হয়েছে। এমনকি আমার জমিও দুইবার খারিজ দিয়ে দিয়েছে। সেই খারিজ নিয়ে আমার কাছেই জমি বিক্রি করতে গেছেন। আমি হেসে বললাম, জমির কাগজগুলো দিয়ে যান। পরে সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তাদের বললাম, আমার জমি আমার নামে খারিজ রয়েছে, তারপরও আরেকজন সেই জমির খারিজ নিয়ে এসেছে। এটা কীভাবে সম্ভব? তখন সেই কর্মকর্তা বলেন, ভুলে হয়েছে।
মজিবুর রহমান বলেন, ভূমিসেবা নিতে এসে যেন জনগণ কোনোভাবেই হয়রানির শিকার না হন, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।
মঙ্গলবার (১৯ মে) সকালে গাজীপুরের কালিয়াকৈরে ভূমিসেবা মেলা উদযাপন উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান ও জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলার ভূমি অফিসের আয়োজনে উপজেলার লতিফপুর এলাকায় এ মেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিম শাহরিয়ারের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা সাব-রেজিস্ট্রার কর্মকর্তা কামরুজ্জামানসহ অনেকে।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ভূমির মালিক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে ভূমিসেবা মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে ভূমি অফিসে গিয়ে শেষ হয়।