‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর মনোহরদীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা।
মঙ্গলবার (১৯ মে) সকালে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিস প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়।
এ সময় বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। মেলা চলবে আগামী ২১ মে পর্যন্ত।
মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা, উপজেলা সাব-রেজিস্ট্রার গোবিন্দ সাহা, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ, শুকুন্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গনি ফরাজিসহ প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও ডিজিটালাইজড ভূমিসেবা পৌঁছে দিতে এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভূমিসেবা মেলার আয়োজন করা হচ্ছে। ভূমিসেবার উন্নয়নে মানবসম্পদ ব্যবস্থাপনা, প্রশিক্ষণ, প্রযুক্তি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বসহকারে কাজ করছে সরকার। এরই মধ্যে ভূমি ব্যবস্থাপনায় অটোমেশন, নাগরিকদের অনলাইনে ফি লেনদেন, হটলাইন নম্বরে সেবা, ই-রেজিস্ট্রেশন ও ডিজিটাল ভূমিসেবা সিস্টেমের আন্তঃসংযোগ, ডিজিটালাইজড ভূমি রেকর্ড, স্মার্ট ভূমি নকশা, ভূমিসেবা সহায়তা কেন্দ্র চালু এবং ভূমি আইনের সংস্কার করা হয়েছে।
পরে মনোহরদী উপজেলা পরিষদ হলরুমে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে ভূমিবিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।