কারারক্ষী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ 

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে কারারক্ষী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ এনে কেন্দ্রীয় কারাগারের বাইরে আন্দোলন করেছে কারারক্ষী নিয়োগ পরীক্ষার পরীক্ষার্থীরা।

গতকাল মঙ্গলবার (১৯ মে) সকালে কেরানীগঞ্জে অবস্থিত কেন্দ্রীয় কারাগার প্রধান ফটকের সামনে পরীক্ষার্থীরা এ আন্দোলন করেন। কয়েক ঘন্টা ধরে চলমান আন্দোলনে ঢাকা মাওয়া মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।

সকাল থেকে চলমান এই আন্দোলনে বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা অভিযোগ করে বলেন, যোগ্যতা থাকা সত্বেও অনেককে ইচ্ছাকৃতভাবেই বাতিল করা হয়েছে। শুধু তাই নয় স্বজনপ্রীতির মাধ্যমে বিচার কাজে পক্ষপাতিত্বের অভিযোগও আনেন তারা।

বরিশাল বিভাগ থেকে মাইদুর নামে এক পরীক্ষার্থী বলেন, পরীক্ষার সার্কুলারে উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি উল্লেখ করা ছিল, আমার হাইড ৫ ফুট ৮ ইঞ্চি হওয়া স্বত্তেও আমাকে বাদ দেওয়া হয়েছে। আমি সব পরীক্ষায় টিকেছি, ২০টা পুশ আপ দিতে বলেছে, দিয়েছি। তারপরেও আমাকে বাদ করে দিয়েছে। আমার মতো আরো ৪/৫ জনের সাথেও এমন করেছে।

অপর এক শিক্ষার্থী বলেন, আমি কিছুদিন আগে সেনাবাহিনীর মাঠ পরীক্ষায় অংশ নিয়েছি, সেখানে আমাকে কোন পরীক্ষায় বাদ দেয়নি। এখানেও আমার কোন ঘাটতি নেই তারা হাইড দেখিয়ে বাদ দিচ্ছে। আমার হাইড ৫ ফুট ৮ ইঞ্চি তারা চেয়েছে ৫ ফুট ৬ ইঞ্চি, আমার যোগ্যতা থাকা স্বত্তেও তারা স্বজনপ্রীতি করে আমাদের বাদ দিয়েছে, তাদের নিজেদের লোকদের নিচ্ছে শুধু।

বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা সকাল থেকে কেন্দ্রীয় কারা ফটকের সামনে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে আন্দোলন করতে থাকে। আন্দোলন চলাকালে ঢাকা-মাওয়া মহাসড়কে কয়েক ঘন্টার জন্য দীর্ঘ যানজটের তৈরী হয়। পরে কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিলুল হক ঘটনা স্থলে এসে পরীক্ষার্থীদের বুঝালে আন্দোলনকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন।

তবে কারা অধিদপ্তরের সহকারি কারা মহাপরিদর্শক (উন্নয়ন)  মো. জান্নাত-উল ফরহাদ অনিয়মের অভিযোগ অস্বীকার করে বলেন, কারা কর্তৃপক্ষ সব নিয়ম মেনেই নিয়োগ পক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।