হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে এবং ২ শিশুর মৃত্যুর কারণ হিসেবে হাম নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭৫ জনে। এর মধ্যে ৭৭ জনের মৃত্যুর কারণ হিসেবে হাম নিশ্চিত হওয়া গেছে।

মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এসব মৃত্যু ঘটে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ৯ শিশুর মধ্যে ঢাকা ও সিলেট বিভাগে তিনজন করে রয়েছে। এছাড়া চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনা বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে। জেলা পর্যায়ে ঢাকা ও মৌলভীবাজারে সবচেয়ে বেশি দুজন করে মৃত্যুর ঘটনা ঘটেছে।

একই সময়ে দেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২৬৪ জন। এদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১১৫ জন এবং চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ১১০ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

বিভাগভিত্তিক তথ্যে দেখা যায়, সবচেয়ে বেশি সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে, যেখানে রোগীর সংখ্যা ৫৪৪ জন। এর পর রয়েছে চট্টগ্রাম বিভাগে ২৩১ জন এবং বরিশাল বিভাগে ১৪৭ জন। নিশ্চিত হাম শনাক্তের ক্ষেত্রেও ঢাকা বিভাগ শীর্ষে রয়েছে। বিভাগটিতে নতুন করে ৫৪ জনের হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম আরও জোরদার করা জরুরি। পাশাপাশি আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসার আওতায় আনার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।