স্বর্ণপদক ছাপিয়ে চাকরির জন্য হাহাকার শিরিনের

ফি বছর ট্র্যাক মাতিয়ে বেড়ান। একের পর এক স্বর্ণপদক জেতেন নৌবাহিনীর দেশসেরা নারী অ্যাথলেট শিরিন আক্তার। কিন্তু একটি ভাল চাকরির আশায় এখনো হাহাকার করছেন তিনি। তাইতো মঙ্গলবার চারটি স্বর্ণপদক জেতার পরও তার মধ্যে ছিল দীর্ঘশ্বাস, 'একটি চাকরির আশায় আজও ঘুরছি আমি। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে শুরু করে বিভিন্ন জায়গায ধর্না দিয়েও পাইনি কাঙ্তিত চাকরি।'

একদিন আগেই দ্রুততম মানবীর খেতাব পুনরুদ্ধার করেন নৌবাহিনীর অ্যাথলেট শিরিন আক্তার। মঙ্গলবার জাতীয় স্টেডিয়ামে ২০০ মিটার স্প্রিন্টেও নিজের কারিশমা দেখালেন তিনি। ফটোফিনিশিংয়ে সেনাবাহিনীর শরিফা খাতুনকে হারিয়ে দ্বি-মুকুট জেতেন শিরিন। ২৪.৯৩ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জেতেন তিনি। ৪ গুনিতক ১০০ মিটার স্প্রিন্টেও ৪৬.৯৩ সেকেন্ড সময় নিয়ে সতীর্থদের নিয়ে স্বর্ণ জেতেন শিরিন। এছাড়া ৪ গুনিতক চারশ’মিটার স্প্রিন্টে চতুর্থ স্বর্ণ জেতেন শিরিন।

এত স্বর্ণপদক জিতেও মুখে খুব একটা হাসি ছিল না নবপরিনীতা এই অ্যাথলেটের। কারন জানতে চাইলে তার কথা, 'নৌবাহিনীতে রয়েছি বলে হয়তো স্বর্ণপদক জেতা আমার কাজ। কিন্তু একটি সিভিল চাকরি আমার খুবই দরকার।' শিরিনের কোচ আবদুল্লা হেল কাফীর কথা, 'ভাই এত স্বর্ণপদকের নিউজ না করে অন্তত একটি চাকরি যেন পায় শিরিন, সেই নিউজ করেন। মেয়েটা খুবই অসহায়।'

এদিকে বর্ষা নিক্ষেপে ব্যাথানাশক ইনজেকশন নিয়ে তুমুল সমালোচনায় ছিলেন নৌবাহিনীর অ্যাথলেট মেহেদী হাসান। ডোপ টেস্টে উত্তীর্ণ হয়েছেন তিনি। ফলে ৬৭.৩৫ মিটার দূরত্বে তার গড়া রেকর্ড নিজেরই থাকল।

তিন দিনের জাতীয় চ্যাম্পিয়নশিপে নতুন রেকর্ড হয়েছে নয়টি। ২১টি স্বর্ণ, ১৬টি রুপা ও ১০টি ব্রোঞ্জ জিতে সেরা নৌবাহিনী। ১৭টি স্বর্ণ এবং ২০ করে রুপা ও ব্রোঞ্জ জিতে রানার্সআপ সেনাবাহিনী।