৪১ বছর বয়সে এসে ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ খেলার রেকর্ড গড়তে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপের জন্য আজ মঙ্গলবার পর্তুগালের ২৭ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ রবার্তো মার্টিনেজ।
লিসবনের ‘সিদাদে দো ফুতবল’-এর ঠাসা মিলনায়তনে দল ঘোষণার সময় কোচ মার্টিনেজ আবেগঘন এক বার্তা দেন। এবারের স্কোয়াডে পর্তুগাল তাদের প্রয়াত ফরোয়ার্ড ডিওগো জোটার স্মরণে একটি প্রতীকী ‘প্লাস ওয়ান’ (+১) নীতি ঘোষণা করেছে।
সংবাদ সম্মেলনে কোচ রবার্তো মার্টিনেজ তাঁর এই দলটিকে "২৭ জন খেলোয়াড় এবং প্লাস ওয়ান" বলে উল্লেখ করেন। এটি মূলত লিভারপুলের পর্তুগিজ ফরোয়ার্ড ডিওগো জোটার প্রতি শ্রদ্ধাঞ্জলি, যিনি গত বছরের জুলাইয়ে মাত্র ২৮ বছর বয়সে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান।
জোটাকের স্মরণ করে মার্টিনেজ আবেগতাড়িত কণ্ঠে বলেন,
"ডিওগো আমাদের শক্তি, আমাদের আনন্দ। ওকে হারানোটা আমাদের জন্য এক অবিস্মরণীয় এবং অত্যন্ত কঠিন মুহূর্ত ছিল। কিন্তু তার পরদিনই আমরা সবাই প্রতিজ্ঞা করেছিলাম যে, ডিওগোর দেখা স্বপ্ন এবং জাতীয় দলে ও যে দৃষ্টান্ত রেখে গেছে, তার জন্য আমরা লড়াই করব। ডিওগো জোটার স্পিরিট, শক্তি এবং উদাহরণই হলো আমাদের দলের সেই '+১' এবং ও সবসময়ই আমাদের সাথে থাকবে।"ফিফার নিয়ম অনুযায়ী স্কোয়াডে ২৬ জন নিবন্ধিত থাকার সুযোগ থাকলেও মার্টিনেজ ২৭ জনের দল দিয়েছেন। জেনক্লারবিরলিগি আঙ্কারার চতুর্থ গোলরক্ষক রিকার্দো ভেলহো দলের সাথে ভ্রমণ করলেও, মূল তিন গোলরক্ষকের কেউ ইনজুরিতে পড়লেই কেবল তিনি অফিশিয়াল ২৬ জনের তালিকায় যুক্ত হতে পারবেন।
মাতিউস ফার্নান্দেস, রিকার্দো হোর্তা এবং পেদ্রো গনকালভিসের মতো তারকাদের বাদ দিয়ে দলে ৪ জন গোলরক্ষক ও ৫ জন ফুলব্যাক রাখার পক্ষে যুক্তি দিয়ে মার্টিনেজ বলেন, "উত্তর আমেরিকার আবহাওয়া, দীর্ঘ ভ্রমণ এবং টাইম জোনের জটিলতা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। কন্ডিশনের কারণে আমাদের কিছু কিছু পজিশনে ব্যাক-আপের চেয়েও বেশি খেলোয়াড় লাগবে।"
কোচ দলে দিওগো দালোত, জোয়াও কানসেলো এবং মাথেউস নুনেসদের মতো বহুমুখী ডিফেন্ডারদের ওপর আস্থা রেখেছেন। আক্রমণে ব্রুনো ফার্নান্দেস, বার্নার্দো সিলভা, জোয়াও ফেলিক্স এবং ফ্রান্সিসকো ত্রিনকাওদের মাঝমাঠ ও আক্রমণভাগের সমন্বয়ক হিসেবে ব্যবহার করা হবে। আর উইংয়ে গতি ছড়াবেন রাফায়েল লেয়াও, পেদ্রো নেতো এবং ফ্রান্সিসকো কনসেইসাওরা।
বিশ্বকাপে নামার আগে ঘরের মাঠে ৬ জুন চিলি, ১০ জুন নাইজেরিয়ার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে পর্তুগাল। বিশ্বকাপে ১৭ জুন কঙ্গো, ২৩ জুন উজবেকিস্তান, ২৭ জুন কলম্বিয়ার সঙ্গে খেলা তাদের।
২০২৬ বিশ্বকাপে পর্তুগালের চূড়ান্ত স্কোয়াড:
গোলরক্ষক: দিওগো কস্তা (পোর্তো), জোসে সা (উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স), রুই সিলভা (স্পোর্টিং সিপি), রিকার্দো ভেলহো (জেনক্লারবিরলিগি আঙ্কারা)।
ডিফেন্ডার: দিওগো দালোত (ম্যানচেস্টার ইউনাইটেড), মাথেউস নুনেস (ম্যানচেস্টার সিটি), নেলসন সেমেদো (ফেনারবাচে), জোয়াও কানসেলো (বার্সেলোনা), নুনো মেন্দেস (পিএসজি), গনসালো ইনাসিও (স্পোর্টিং সিপি), রেনাতো ভেইগা (ভিয়ারিয়াল), রুবেন দিয়াজ (ম্যানচেস্টার সিটি), তোমাস আরাউজো (বেনফিকা)।
মিডফিল্ডার: রুবেন নেভেস (আল হিলাল), সামুয়েল কস্তা (মায়োর্কা), জোয়াও নেভেস (পিএসজি), ভিতিনহা (পিএসজি), ব্রুনো ফার্নান্দেস (ম্যানচেস্টার ইউনাইটেড), বার্নার্দো সিলভা (ম্যানচেস্টার সিটি)।
ফরোয়ার্ড: জোয়াও ফেলিক্স (আল নাসর), ফ্রান্সিসকো ত্রিনকাও (স্পোর্টিং সিপি), ফ্রান্সিসকো কনসেইসাও (ইউভেন্তুস), পেদ্রো নেতো (চেলসি), রাফায়েল লেয়াও (এসি মিলান), গনসালো গেদেস (রিয়াল সোসিয়েদাদ), গনসালো রামোস (পিএসজি), ক্রিস্টিয়ানো রোনালদো (আল নাসর)।
‘নেদারল্যান্ডস যে কোনো দলকেই হারাতে পারে’, প্রতিপক্ষকে হুঙ্কার ডাচ কোচের