যাত্রাবাড়ীতে দুই ছিনতাইকারী আটক

রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে পাবলিক টয়লেটের পাশে এক নারীর স্বর্ণের দুল ছিনিয়ে নেওয়ার ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো মো. কামাল (২৭) ও মো. মাসুদ (২৫)।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৯ মে) বিকেল আনামানিক সাড়ে ৫টার দিকে ওই নারীর কান থেকে মো. কামাল নামের এক ছিনতাইকারী স্বর্ণের দুল ছিঁড়ে নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় ওই নারীর চিৎকারে দায়িত্বরত পুলিশ সার্জেন্ট তাৎক্ষণিকভাবে ছিনতাইকারীকে ধাওয়া করে আটক করেন। এ সময় ছিনতাইকারী কামাল ও তার সহযোগী মাসুদ পুলিশ সার্জেন্টের পরিধেয় প্যান্টে ব্লেড দিয়ে আঘাত করে প্যান্ট কেটে দেয়।

তবে পুলিশ সার্জেন্ট সাহসিকতার সাথে সহকর্মী পুলিশ কনস্টেবলের সহায়তায় দুই ছিনতাইকারীকেই আটক করতে সক্ষম হন। একই সাথে ছিনিয়ে নেওয়া স্বর্ণের কানের দুলটিও উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানা গেছে।