দীর্ঘদিনের বকেয়া ভাড়া ও চুক্তি লঙ্ঘনের অভিযোগে রাজধানীর মোতালিব প্লাজা শপিং কমপ্লেক্সের একটি গুদাম সিজার লিস্টের মাধ্যমে সিলগালা করেছে দোকান মালিক সমিতি। সমিতির দাবি- ভাড়া, অগ্রিম ও অন্যান্য বকেয়াসহ গুদামটির ভাড়াটিয়া মাহাবুব রহমান বাচ্চুর কাছে তাদের প্রায় ১১ লাখ টাকা পাওনা রয়েছে।
বৃহস্পতিবার (৬ আগষ্ট) বিকেল ৫টার দিকে মোতালিব প্লাজা শপিং কমপ্লেক্স দোকান মালিক সমিতির প্রতিনিধি দল, মার্কেটের ব্যবসায়ী এবং সংশ্লিষ্টদের উপস্থিতিতে গুদামটির পুরোনো তালা ভেঙে ভেতরের মালামাল সিজার লিস্ট করে গুদামটি সিলগালা করা হয়।
মালিক সমিতি জানায়, মাহাবুব রহমান বাচ্চু প্রায় দুই বছর ধরে গুদামটি ব্যবহার করলেও চুক্তি অনুযায়ী ৫ লাখ টাকা অগ্রিম পরিশোধ করেননি। পাশাপাশি দীর্ঘদিনের ভাড়াও বকেয়া রয়েছে। সব মিলিয়ে তার কাছে প্রায় ১১ লাখ টাকা পাওনা রয়েছে বলে দাবি তাদের।
সমিতির ভাষ্য, পাওনা পরিশোধের জন্য মাহাবুব রহমান বাচ্চুকে সাতবার লিখিত নোটিশ ও চিঠি দেওয়া হলেও তিনি কোনো জবাব দেননি। পরে সমিতির বোর্ড সভায় গুদামটি খালি করে সিজার লিস্টের মাধ্যমে সিলগালা করার সিদ্ধান্ত নেওয়া হয়।
দোকান মালিক সমিতির কর্মকর্তা মুজাহিদ বলেন, গুদামটি ভাড়া নেওয়ার পর থেকে মাহাবুব রহমান বাচ্চু কোনো ভাড়া পরিশোধ করেননি। বিভিন্ন সময়ে তিনি বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের পরিচয় ব্যবহার করে এবং পূর্ববর্তী সরকারের আমলে তাপসের নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করেছেন বলেও অভিযোগ করেন তিনি। তবে বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী নিয়ম মেনেই গুদামটির তালা ভেঙে সিজার লিস্ট করে সিলগালা করা হয়েছে বলে জানান তিনি।
মোতালিব প্লাজা শপিং কমপ্লেক্সের সিকিউরিটি ইনচার্জ মো. সেলিম বলেন, মালিক সমিতির নির্দেশে সবার উপস্থিতিতে গুদামটির তালা ভেঙে ভেতরের মালামাল জব্দ করা হয়। এ সময় গুদাম থেকে ২০৬টি গাড়ির টায়ার, ১৪টি কার্টন, ৪টি চেয়ার, ২টি পানির গ্লাস এবং ২টি টেবিল ফ্যান উদ্ধার করা হয়। জব্দ করা এসব মালামাল সিজার লিস্ট করে মালিক সমিতির জিম্মায় রাখা হয়েছে।
দোকান মালিক সমিতির ভাইস প্রেসিডেন্ট শাহ আলম বলেন, একাধিকবার লিখিতভাবে পাওনা পরিশোধের জন্য নোটিশ দেওয়া হলেও ভাড়াটিয়া কোনো সাড়া দেননি। ফলে বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী গুদামটি সিলগালা করা হয়েছে।
তিনি বলেন, চুক্তি অনুযায়ী ৫ লাখ টাকা অগ্রিম এবং ভাড়াসহ মোট প্রায় ১১ লাখ টাকা বকেয়া রয়েছে। বকেয়া পরিশোধ করা হলে আইনানুগ প্রক্রিয়ায় সিজার লিস্টে থাকা মালামাল তার কাছে হস্তান্তর করা হবে।
তবে এ বিষয়ে অভিযুক্ত ভাড়াটিয়া মাহাবুব রহমান বাচ্চুর বক্তব্য পাওয়া যায়নি।
