শিক্ষার্থীদের অধিকারে একসঙ্গে কাজ করবে চবিসাস-চবি ছাত্রদল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) নেতাদের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার নেতারা সৌজন্য সাক্ষাৎ করেছে। চবিসাস কার্যালয়ে মঙ্গলবার (১৯ মে) এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণ, চবিসাস নেতারা ও ছাত্রদল নেতারা আলোচনায় শিক্ষার্থীদের অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকাসহ শিক্ষার্থীবান্ধব একাধিক বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করার বিষয়েও জোর দেন তারা।

এসময় চবি সাংবাদিক সমিতির সভাপতি রেফায়েত উল্যাহ রুপক বলেন, আমরা সবাইকে নিয়ে একটি নিরাপদ, শিক্ষা ও গবেষণার অনুকূল ক্যাম্পাস গড়ে তুলতে চাই। আমার সঙ্গে যে মানুষটার সবচেয়ে ভালো সম্পর্ক, তিনিও যদি অন্যায় করেন, তবে আমি তার বিরুদ্ধেও লিখবো। তেমনি কারও সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক খারাপ থাকলেও তিনি যদি কোনো অন্যায়ের শিকার হন, তবে আমি তার পক্ষেই লিখবো। কারণ সবার জন্য ন্যায় নিশ্চিত করাই হলো সাংবাদিকতার মূল লক্ষ্য।

এসময় চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন বলেন, আমরা মনে করি যে পুরো বিশ্ববিদ্যালয়ের কল্যাণে এবং বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোন ধরনের অরাজকতা, অস্থিতিশীলতা ও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হোক এটা আমরা চাই না। একটি নিরাপদ ও সুস্থ ক্যাম্পাস নিশ্চিতে ছাত্রদল সবসময় সাংবাদিকদের পাশে থাকবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চবি সাংবাদিক সমিতির সহ-সভাপতি আজিম সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক মুনতাজ আলী, দপ্তর সম্পাদক গোলাম রাব্বি, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক ফুয়াদ মন্ডল, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ শামীম, চবিসাসের সদস্য রেদ্ওয়ান আহমদ, আব্দুল্লাহ আল নাইম ও সাবেক সদস্য দোস্ত মোহাম্মদ।