২০ জুলাই চবিতে ‘জব ফেয়ার’

আপডেট : ১৮ জুলাই ২০২৬, ১১:১০ পিএম

আগামী ২০ জুলাই (সোমবার) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘চাকসু প্রেজেন্টস চট্টগ্রাম জব ফেয়ার ২০২৬’। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও Excellence Bangladesh-এর যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বর ও কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে দিনব্যাপী এ জব ফেয়ারের আয়োজন করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) দুপুরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে চাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিব এবং জব ফেয়ারের কনভেনার সোহানুর রহমান সোহান এ তথ্য জানান।

তারা বলেন, বিশ্ববিদ্যালয় জীবন থেকে কর্মজীবনে প্রবেশের পথে শিক্ষার্থীদের অন্যতম বড় চ্যালেঞ্জ হলো শিক্ষা ও কর্মক্ষেত্রের মধ্যে বিদ্যমান ব্যবধান। এ ব্যবধান কমিয়ে শিক্ষার্থীদের দেশের শীর্ষস্থানীয় করপোরেট প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি সংযুক্ত করার লক্ষ্যেই এ আয়োজন।

আয়োজকরা জানান, এবারের জব ফেয়ারে PRAN-RFL Group, IFAD Group, Meghna Group of Industries, City Bank, Pubali Bank, SGS Bangladesh, Ispahani Bangladesh, Ibn Sina ও GES Kenpark-সহ শিল্প, ব্যাংকিং, স্বাস্থ্যসেবা, প্রযুক্তি, শিক্ষা এবং সেবাখাতের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। এছাড়া আরও কয়েকটি প্রতিষ্ঠানের অংশগ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

জব ফেয়ারে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সিভি (CV) সংগ্রহ, অন-দ্য-স্পট সিভি স্ক্রিনিং, স্পট ইন্টারভিউ, ক্যারিয়ার পরামর্শ, করপোরেট নেটওয়ার্কিং এবং নিয়োগদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পাবেন। পাশাপাশি ফুল-টাইম, পার্ট-টাইম ও ইন্টার্নশিপের বিভিন্ন সুযোগ সম্পর্কে জানতে ও আবেদন করতে পারবেন। পরবর্তীতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নিজস্ব নিয়োগনীতি ও মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত নিয়োগ সম্পন্ন করবে।

আয়োজকরা আশা করছেন, দিনব্যাপী এ আয়োজনে ৮ হাজারের বেশি শিক্ষার্থী, চাকরিপ্রত্যাশী ও তরুণ পেশাজীবী অংশগ্রহণ করবেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এতে অংশ নেবেন।

জব ফেয়ারের পাশাপাশি একই দিনে বিশ্ববিদ্যালয়ের বিবিএ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে Career Summit 2026। এতে দেশের শীর্ষস্থানীয় করপোরেট ব্যক্তিত্ব, মানবসম্পদ বিশেষজ্ঞ, উদ্যোক্তা ও ক্যারিয়ার মেন্টররা ক্যারিয়ার পরিকল্পনা, নেতৃত্ব, দক্ষতা উন্নয়ন, চাকরির প্রস্তুতি এবং ভবিষ্যৎ কর্মক্ষেত্রের সম্ভাবনা নিয়ে বিভিন্ন সেশন পরিচালনা করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগের চতুর্থ বর্ষ ও মাস্টার্স পর্যায়ের পাঁচজন করে শিক্ষার্থী নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে এ সামিটে অংশগ্রহণের সুযোগ পাবেন।

জব ফেয়ারের কার্যক্রম সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। বিপুলসংখ্যক অংশগ্রহণকারীর কথা বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় নিরাপত্তা, স্বেচ্ছাসেবক, দিকনির্দেশনা এবং সার্বিক ব্যবস্থাপনার প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।

প্রেস ব্রিফিংয়ে চাকসুর সাধারণ সম্পাদক সাঈদ বিন হাবিব বলেন, ‘চট্টগ্রাম জব ফেয়ার ২০২৬ শুধু একটি চাকরি মেলা নয়; এটি শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় এবং করপোরেট খাতের মধ্যে দীর্ঘমেয়াদি ও টেকসই সম্পর্ক গড়ে তোলার একটি কার্যকর প্ল্যাটফর্ম। এর মাধ্যমে তরুণদের কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত